শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

কুমিল্লার বরুড়া পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে (৩৪) দিনদুপরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার সহযোগী রানা (৩৩)।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের জীবনপুর গ্রামের হাসেম মার্কেটের ছানাউল্লাহর চা দোকানে এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম উপজেলার জিনসার গ্রামের আবদুল মালেকের ছেলে এবং আহত রানা একই গ্রামের সাহেব আলীর ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, জীবনপুর গ্রামের বাসিন্দা মো. আবাদের সঙ্গে একই গ্রামের ব্যবসায়ী শিব্বির আহাম্মদের দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধটি নিষ্পত্তির জন্য জহিরুল ইসলাম চেষ্টা চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জীবনপুর গ্রামের হাসেম মার্কেটে ছানাউল্লাহর চা দোকানে জহিরুল ইসলাম তার সঙ্গীদের নিয়ে চা পান করার সময় এ বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্তরা এসে দা দিয়ে জহিরুল ইসলামের মাথায় ও শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার সহযোগী রানাও আহত হয়।

স্থানীয়রা জহিরুল ইসলাম ও রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। রানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের ভাই মো. জোবায়ের হোসেন জানান, আবাদ এবং শিবির আহাম্মদের পারিবারিক বিরোধের ঘটনার জের ধরে আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, জহিরুল ইসলামের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD