মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরসহ দেশের ১০টি জেলায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর ফলে ৩০ মিনিটেই করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। যার ফি নেওয়া হবে পূর্বের নির্ধারিত ১০০ টাকা। আজ শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এর উদ্বোধন করেন।
মাদারীপুর জেলার সিভিল সার্জন কার্যলয় সূত্র জানায়, প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়া মাদারীপুরে ইতিমধ্যেই শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। স্বল্প সময়ে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তের লক্ষ্যে দেশের ১০টি জেলায় একযোগে শুরু হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এই পরীক্ষার জন্য ৫০০ কিট হাতে পেয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। আড়াইশ’ শয্যা হাসপাতালের নতুন ভবনে নিচতলায় প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। নমুনা সংগ্রহের পরবর্তী ৩০ মিনিটের মধ্যেই এই রিপোর্ট পাবেন রোগীরা। এজন্য একজন মেডিকেল অফিসার, একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন পরিসংখ্যাবৃদ বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
আজ শনিবার প্রথম দিনে ১৫ জন আসে করোনা পরীক্ষার জন্য। ১৫ রেজিস্ট্রেশন করলেও অ্যান্টিজেন টেস্ট করা হয় উপসর্গ থাকা চারজনের। অ্যান্টিজেন টেস্টে স্বল্প সময়ে ফলাফলে দেখা যায় তিনজনের নেগেটিভ ও ১ জনের পজিটিভ এসেছে।
মাদারীপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এইচএম খলিলুজ্জামান বলেন, ‘গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী মাদারীপুরে শনাক্ত হয়। এর পরপরই কঠোর অবস্থান নেয় প্রশাসন। আক শনিবার সকাল থেকে শুরু হয়েছে অ্যান্টিজেন পরীক্ষা। এই পরীক্ষার ফি ধরা হয়েছে মাত্র ১শ’ টাকা। যা পূর্বেই নির্ধারিত ছিল।’