নেত্রকোনার পূর্বধলায় চলছে শোকের মাতম। এক সঙ্গে পাঁচটি লাশ দাফন সম্পন্নের আগে পরিবারের স্বজনদের সান্তনা দেওয়ার ভাষা পাচ্ছিলেন না কেউ। শুধুই কান্না আর কান্না। কারণ এক সঙ্গে এতগুলো লাশের জানাযা, যারা পড়তে এসেছেন তারাও স্তব্ধ ।
সোমবার নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালঞ্জি গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে একই পরিবারের নিহত ৬জনের মধ্যে একসাথে ৫জনের জানাজা ও দাফন সম্পনের আগে দেখা যায় এমন দৃশ্য। বেলা সাড়ে ১১টায় ওই ফেচুয়ালঞ্জি গ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
জানাজায় পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম রুবেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও আগিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মৌলভী, জেলা আওয়ামী লীগের সদস্য ফয়জুর সিরাজ জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।পরে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
যে ৫জনের লাশ একসঙ্গে দাফন হয়, তারা হলেন, মাওলানা ফারুক মিয়া (২৫), তার স্ত্রী মাসুমা আক্তার (২০), তাদের ৩ দিন বয়সের নবজাতক শহিদুল্লাহ, নিহত ফারুকের বড় ভাই নিজাম উদ্দিন (২৭), আরেক বড় ভাই আজিম উদ্দিনের স্ত্রী জ্যোৎস্না বেগম (২৫)।
অপর দিকে ফারুকের বড় বোন তামান্না আক্তার জুলেখা’র (৩২) লাশ তার স্বামীর বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা গ্রামে দাফন করা হয়েছে বলে জানান নিহতের স্বজনরা। আর সিএনজি চালক রাকিবুলকে চরনিখলিয়ায় দাফন করা হয়েছে। প্রসঙ্গত,গত বৃহস্পতিবার মাওলানা ফারুকের স্ত্রী মাসুমার প্রসব ব্যাথা শুরু হলে প্রথমে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে স্বাভাবিক প্রসব হয় ফুটফুটে এক ছেলে শিশুর। রবিবার (৩ডিসেম্বর) দুপুরে হাসপাতাল থেকে তারা ছাড়পত্র পেয়ে বাড়িতে ফিরছিলেন। সঙ্গে ছিলেন অন্যরা।
এ সময় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের তারাকান্দা উপজেলার গাছতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা শাহজালাল নামক একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। পরে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা নিহতদের লাশ উদ্ধার করেন ও পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন।
সবার মুখে মুখে আলোচনায় এই মৃত্যুর মিছিলের করুণ বর্ণনা। অনেকেই স্মৃতিচারণ করছেন।কেউ কাঁদছেন। কেউবা সান্তনা দেয়ার চেষ্টা করছেন। পরিবারটি সড়ক দুর্ঘটনায় শেষ হয়ে গেছে। অথচ আজ তাদের আনন্দের দিন ছিল।নিহত একজনের ছেলে হয়েছিল । ময়মনংসিংহের ক্লিনিক থেকে বাড়িতে আসতেছিল। তাদের আর বাড়ি আসা হলো না। অসলো তবে লাশ হয়ে।স্থানীয়্ আগিয়া ইউনিয়ন এলাকার বাসিন্দারা বলেন, যান বাহনের চালকেরা যদি সতর্কতার সাথে গাড়ী চালান তবে এধরণের মৃত্যু এড়ানো সম্ভব। এক ঝটকায় পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তাদের যা ক্ষতি হয়েছে তা কিছু দিয়েই পোষানো সম্ভব না।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম জানান, ইতোমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবাকে একলক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি রবিবার রাতেই নিহতদের বাড়িতে গিয়ে ওই বরাদ্দকৃত টাকা থেকে তাৎক্ষণিক নগদ ২০হাজার টাকা নিহতের বড়ভাই আজিম উদ্দিনের হাতে তুলে দেন ।
পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন জানান,এ দূর্টনায় মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হয়েছে।পরিবারটির প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে মরদেহ।তবে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লাইটনিউজ/এসআই