শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

‘মৃত’ বলে ভোট দিতে পারলেন না মানিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

নাটোর প্রতিনিধি : নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হিসেবে ভোটে দাঁড়িয়েছেন বাবলু সরদার। ‘পানির বোতল’ মার্কা নিয়ে লড়ছেন তিনি। বাবলু সরদারের ছেলে মানিক ইসলাম (২৬) ঢাকায় থাকেন। বাবাকে ভোট দিতে ঢাকা থেকে এলাকায় ফিরেছেন তিনি। কিন্তু কেন্দ্রে গিয়ে জানতে পারলেন তিনি আর বেঁচে নেই। কাগজে কলমে মৃত তিনি।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মানিক ইসলাম অভিযোগ করে বলেন, ‘বাবাকে ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে শুক্রবার রাতে বাড়ি এসেছি। দুপুরের দিকে স্মার্ট কার্ড নিয়ে ভোট দিতে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাই। এসময় স্মার্ট আইডি কার্ড থাকলেও ভোটার তালিকায় নাম না থাকায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমাকে ফিরিয়ে দেন। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে স্মার্ট কার্ডটি দেখিয়ে সমস্যার কথা জানাই। মেশিনে পরীক্ষার পর ন্ইবাচন অফিস থেকে জানানো হলো আমি মৃত! বাবাকেও ভোট দিতে পারলাম না, আবার জীবীত হয়েও ‘মৃত’ হয়ে গেলাম!’

নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কিশোয়ার জানান, ওই ব্যক্তির স্মার্ট কার্ড আছে। কিন্তু ভোটার তালিকায় তার নাম নেই। এজন্য তার ভোট দেওয়ারও কোনো সুযোগ নেই। তাই তাকে উপজেলা নির্বাচন অফিস থেকে সংশোধন বা কাগজ নিয়ে ভোটকেন্দ্রে আসার পরামর্শ দেওয়া হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম জানান, ভোটার আইডি কার্ড থাকলেও তালিকায় নাম না থাকলে তার ভোট দেওয়ার কোনো সুযোগ থাকে না। তবে ভোটের পর কার্ডটি সংশোধন করে নেওয়া যাবে।

তিনি বলেন, ‘ভোটার তালিকা প্রকাশের পর ওই তালিকায় তার নাম আছে কি না তা আগেই যাচাই করা উচিত ছিল। কিন্তু উনি সেটা করেননি। ভুলবশত তার নামটি মৃতের তালিকায় চলে গেছে।’

সূত্র : রাইজিংবিডি.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD