রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা ৩ জনের মধ্যে নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। আহতকে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ উদ্ধার করেছে। হতাহত তিনজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিক শিবচরের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের সার্ভিস লেনের গুপ্তেরচরকান্দি এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আমির ভাঙ্গি (২২) নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আয়নাল ভাঙ্গি (৪৫) ও আরেক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত আয়নাল ভাঙ্গিকে মৃত ঘোষণা করেন। অপর আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আমির ভাঙ্গি ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের সামচু ভাঙ্গির ছেলে ও আয়নাল ভাঙ্গি একই এলাকার খালেক ভাঙ্গির ছেলে বলে পুলিশ জানায়।

হাইওয়ে থানার ওসি সোরহাব হোসেন বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী ও হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে।

সূত্র : যুগান্তর ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD