বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

আল জাজিরা বন্ধে রিট: হাইকোর্ট অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : কাতারভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধে এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে অ্যামিকাস কিউরিদের (আদালতের বন্ধু) মতামত শুনতে দিন ধার্য রয়েছে আজ।

এবিষয়ে হাইকোর্টে করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তাদের মতামত শুনবেন আদালত। হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এই শুনানি হবে। তবে আজ কোন আইনজীবীরা বক্তব্য উপস্থাপন করেন আদালতে তা জানা যায়নি।

গত বুধবার (১০ ফেব্রুয়ারি) আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে মতামত শুনতে ছয়জন অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। ছয় অ্যামিকাস কিউরি হলেন- সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার ফিদা এম কামাল, শাহদীন মালিক, কামালুল আলম ও প্রবীর নিয়োগী।

আদালতে ওই দিন রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এনামুল কবীর ইমন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ফারজানা শায়লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজা-ই রাকিব।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি আল জাজিরায় বাংলাদেশ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচারিত হয়। যা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রতিবেদনে উচ্চপর্যায়ের ব্যক্তিদের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়। সরকারিভাবে এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানানো হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD