স্পোর্টস রিপোর্টার : নতুন করে পথ শুরু করল ঐতিহ্যবাহী মোহাডোন স্পোর্টিং ক্লাব। অনেক দিন পর ঐতিহ্যের পতাকা উড়িয়ে মোহামেডান লা মেরিডিয়ান হোটেলে। সাবেক খেলোয়াড়-কোচ-সংগঠকদের উপস্থিতিতে এটা রূপ নেয় সাদা-কালোর পুনর্মিলনী অনুষ্ঠানে। গত এক দশকে ক্লাবের ভেতর-বাইরে কোথাও এমন সম্মিলনীর কথা মনে পড়ে না। সাদা-কালোয় যে এত অনুরাগ, সেটাও প্রকাশ্যে আসে অনেক দিন পর।
এক দশক কেন, গত ২৫ বছরে ঐতিহ্যবাহী ক্লাবটি একটু একটু করে ক্ষয়ে গেছে। সেই ২০০২ সালের পর ফুটবলে লিগ জেতে না। অন্যান্য খেলায়ও নেই উচ্ছ্বসিত হওয়ার মতো নৈপুণ্য। এর সঙ্গে ক্যাসিনো কেলেঙ্কারির যোগে সব হারিয়ে সাদা-কালোর দীনহীন অবস্থা। এ রকম প্রেক্ষাপটে ক্লাবের একদল সংগঠক ক্লাবটির চেহারা বদলে ঐতিহ্যের পরম্পরায় ফিরিয়ে আনার দাবিতে মরিয়া হয়ে ওঠেন। সে অনুযায়ী ক্লাবের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনের নেতৃত্বে একদল সংগঠকের শুভ উদ্যোগে দীর্ঘদিনের জঞ্জাল পেরিয়ে শেষ পর্যন্ত আশাব্যঞ্জক নির্বাচন পেয়েছে মোহামেডান। আশাব্যঞ্জক, কারণ নির্বাচনের আবহ তৈরি হলেই একদল সব সময় আদালতে দৌড়ায়। এটা ছিল নিত্য ঘটনা এবং মোহামেডানের দুর্ভাগ্য। এই পাঁকচক্র থেকে বেরিয়ে তারা যে সুন্দর আগামীর ভোট করতে পেরেছে, এটাও কম সৌভাগ্যের নয়।
ভোটের আগেই সভাপতি পদে সাবেক সেনাপ্রধান আব্দুল মুবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরিচালনা পরিষদের বাকি ১৬ জনের ভাগ্য নির্ধারণ হয়েছে ভোটে। ভোটাভুটির আগেই সাধারণ সভায় পুরনো ভয়ের কথা মনে করিয়ে দেন ক্লাবের সাধারণ সদস্য ও সাবেক তারকা জসিম উদ্দিন জোসি, ‘আমরা আগের মতো দেখতে চাই না মোহামেডানকে। যারা নির্বাচিত হয়ে আসবেন, তারা কেউ ক্লাবের নাম ভাঙিয়ে ব্যবসা করবেন না দয়া করে। এসব অপকর্মেই ক্লাবটির আজ এই অবস্থা। এর চেহারা বদলের জন্য টাকার দরকার। পরিচালকরা টাকার সংস্থান করতে পারলে মোহামেডান আবার সগৌরবে ফিরবে।
দীর্ঘদিন প্রিয় ক্লাবের চত্বর না মাড়ালেও মিনহাজুল আবেদীন নান্নু গিয়েছিলেন সাধারণ সভায়। সাবেক এই তারকা ক্রিকেটারের কাছে এই ক্লাবটি সেকেন্ড হোম, ‘এখনো ক্লাবের ফুটবল দলের খবর রাখি। কুমিল্লায় মোহামেডান-আবাহনী ম্যাচটি দেখেছি। আমি উপভোগ করেছি, মোহামেডান তো খারাপ খেলেনি। আশা করি এই নির্বাচনের সুবাদে সাদা-কালোর জৌলুস আবার ফিরবে।
শুধু নান্নু নন, অনেক পুরনো তারকা হাজির হয়ে রাঙিয়েছেন সাদা-কালোর এই নির্বাচনী পুনর্মিলনী। ক্লাবের সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক ও মোহামেডানের কোচ শন লেন বসে যান দ্বিপক্ষীয় আড্ডায়। মানিক ক্লাবের সাধারণ সদস্য হলেও এখন শেখ জামালের কোচ, মোহামেডানের বিপক্ষে সামনের ম্যাচ নিয়েই হয়তো কথা বলছিলেন শনের সঙ্গে।
নতুন পরিষদে ১৬ পরিচালক পদে ২০ জন লড়াই করেছেন। ভোটার ৩৩৭ জন হলেও ভোট দিয়েছেন ২৩৯ জন।
এদিকে নির্বাচনে তিন ক্রীড়াবিদের ভরাডুবি হলো। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক পদে নির্বাচন করে যে চারজন হেরেছেন, তার মধ্যে তিনজনই ক্লাবের সাবেক তারকা খেলোয়াড়।
পরিচালক পদে ১৬ জনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২০ জন। স্বভাবতই চারজন হেরেছেন। তারা হলেন-আব্দুস সালাম মুর্শেদী, কামরুন নাহার ডানা, মো. মোস্তাকুর রহমান ও সাজেদ এ এ আদেল।
এর মধ্যে আব্দুস সালাম মুর্শেদীর হারটিই সবচেয়ে বড় চমক। সরকারদলীয় এই সংসদ সদস্য ছিলেন মোহামেডানের সাবেক তারকা ফুটবলার। কামরুন নাহার ডানা ক্লাবটির সাবেক তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় এবং সাজেদ এ এ আদেল ছিলেন হকি তারকা।
এই নির্বাচনে সভাপতিসহ পাঁচজন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। এর মধ্যে সাবেক সেনাপ্রধান ও সাবেক হকি খেলোয়াড় জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন (অব.) ও ক্লাবের সাবেক ক্রিকেটার মাহবুব-উল আনাম বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ভোটার সংখ্যা ছিল মোট ৩৩৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ২৩৯টি। নিয়ম ভঙ্গ করায় সেখান থেকে ৭টি ভোট বাতিল করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার এবিএম রিয়াজুল কবির কাউছার আগেই জানিয়েছিলেন, ১৬টির কম বা বেশি ভোট দিলে ব্যালট বাতিল বলে গণ্য হবে।
ওই ৭ ভোট বাদে ২৩২ ভোটারের পছন্দে ১৬ জন সভাপতি জয়লাভ করেছেন। তারা হলেন- মাসুদুজ্জামান, মো. হানিফ ভূঁইয়া, আবু হাসান চৌধুরী প্রিন্স, খোজেস্তা-নূর-ই-নাহরিন, জামাল রানা, কাজী ফিরোজ রশীদ এমপি, মাহবুব-উল আনাম, প্রকৌশলী গোলাম মো. আলমগীর, প্রকৌশলী কবির আহমদ ভূঁইয়া, মইন উদ্দিন হাসান রসিদ, মোস্তফা কামাল, শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি, সিদ্দিকুর রহমান, দাতো মো. ইকরামুল হক, মো. মঞ্জুর আলম এবং এ. জি. এম সাব্বির।