স্টাফ রিপোর্টার : ব্র্যান্ডনিউ আরো একটি এটিআর ৭২-৬০০ বিমান বহরে যোগ দেয়ায় বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারক্রাফটের সংখ্যা এখন ১৪টি। যা বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থার মধ্যে সর্বোচ্চ। ৭ম এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি শনিবার (২০ মার্চ) রাত ৮টা ৪০মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ ও পরিচালক মানব সম্পদ মুসা মোল্লাহ।
ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে গ্রিস, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের গুজরাট হয়ে নতুন সংযোজিত এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে। অবতরনের পর এয়ারলাইন্সের সার্বিক উন্নতির জন্য দোয়া কামনা করা হয়। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটিতে ৭২টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ১৭ জুলাই ২০১৪ দু’টি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোর উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করেছিলো। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট চৌদ্দটি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০ ও সাতটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০।
‘ফ্লাই সেফ-ফ্লাই ফাস্ট’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স, অধিকতর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে আগামী জুন মাসের মধ্যে আরো দুইটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট বিমান বহরে যুক্ত করে অভ্যন্তরীণ বিমান পরিবহনকে আরো বেশী শক্তিশালী নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এছাড়া খুব শীঘ্রই আন্তর্জাতিক রুটকে শক্তিশালী করার জন্যও বৃহৎ আকারের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা করছে ইউএস-বাংলা।
বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, দুবাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।
৭ম এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার সময় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।লাইটনিউজ