সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পূর্ব উপকূলের সাগর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সোমবার (১২ অক্টোবর) দেশটির রাজধানী পিয়ংইয়ং এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করা হয়েছে। তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি তারা।

জাপানের উপপ্রতিরক্ষামন্ত্রী তাকাশি কোয়ারি জানান, ১৭ মিনিটের ব্যবধানে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়ে।

তিনি বলেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি প্রায় ২২০ কিলোমিটার এবং দ্বিতীয়টি ৯১০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয়। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি অস্বাভাবিক গতিপথ অনুসরণ করেছে উল্লেখ করে তিনি ধারণা করেন, এটি হাইপারসনিক অস্ত্র হতে পারে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, উত্তর কোরিয়ার বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করছে। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে সিউল।

দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সোমবারের এ উৎক্ষেপণ ঘটল। সাম্প্রতিক সময়ে উভয় দেশই নিজেদের অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র জাং দো-ইয়ং বলেন, সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শক্তি প্রদর্শনের অংশ বলে মনে হচ্ছে। এর কয়েক দিন আগে নিজেদের হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দক্ষিণ কোরিয়া।

গত বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের উপস্থিতিতে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্টের উপস্থিতিতে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা বিরল।

লি’র কার্যালয় জানিয়েছে, অস্ত্রটির পূর্ণাঙ্গ উন্নয়ন সম্পন্ন হলে কোরীয় উপদ্বীপের যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলা চালানোর সক্ষমতা বাড়বে দক্ষিণ কোরিয়ার।

এর আগে গত ৩ অক্টোবর দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম; এমন একটি মধ্যমপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

গত সপ্তাহে দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ ঘটনায় ক্ষমা চাইতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানায় সিউল। দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে বলা হয়, প্রায় এক বছর আগে উত্তর কোরিয়ার সেনারা সেখানে দুটি স্থলমাইন পুঁতে রেখেছিল। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উসকানির অভিযোগ তোলে পিয়ংইয়ং।

স্থলমাইন বিস্ফোরণের আগে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপের পথ তৈরি করতে প্রাথমিক সমন্বয় প্রচেষ্টা চালানোর কথা জানিয়েছিল সিউল। ২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর প্রথম ভাষণেই উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ পুনরায় শুরুর প্রতিশ্রুতি দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি।

অন্যদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থবির হয়ে থাকা কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন।

২০১৯ সালে কিম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনা আকস্মিকভাবে শেষ হয়ে যায়। এরপর থেকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বৈরী নীতি পরিত্যাগ এবং আলোচনার শর্ত হিসেবে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে কিমের সরকার।

সূত্র : আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD