সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :

‘করোনা পরিস্থিতি খারাপ হলে ফ্লাইট স্থগিত হবে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : নতুন করে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্য ছাড়া সমগ্র ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিয়মিত ফ্লাইট পরিচালনা স্থগিত করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে চার্টার্ড ফ্লাইটের ক্ষেত্রেও এরকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বেবিচক চেয়ারম্যান জানান, ফ্লাইটে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করায় এখনই অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের যাত্রী সংখ্যা কমানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে না।

তিনি বলেন, ‘আমরা প্রতিটি এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করেছি এবং তারা তাদের ফ্লাইটে স্বাস্থ্য নির্দেশনা নিশ্চিত করছে। আমি মনে করি অন্য যে কোনও উপায়ে ভ্রমণের চেয়ে এখন উড়োজাহাজে ভ্রমণ অনেক বেশি নিরাপদ। এখানে যে ব্যবস্থা আছে তাতে ভ্রমণ নিরাপদ হবে।’

বুধবার থেকে বড় উড়োজাহাজগুলোতে ২৬০ জনের বেশি যাত্রী পরিবহন না করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।’

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘যে উড়োজাহাজে পাশাপাশি তিন আসন আছে, তাতে মাঝের যাত্রীকে বাধ্যতামূলক ফেসশিল্ড পরতে হবে। যাত্রী যদি মনে করেন, তাহলে তাকে পিপিই সরবরাহ করতে হবে।’

এদিকে, বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন অথরিটির এক সার্কুলারে জানানো হয়, যুক্তরাজ্য ছাড়া সমগ্র ইউরোপ ও ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইউরোপের বাইরে নিষেধাজ্ঞা থাকা দেশগুলো হলো— কাতার, জর্ডান, কুয়েত, বাহরাইন, লেবানন, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, পেরু, উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকা। এ নিষেধাজ্ঞা ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD