শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সাড়ে ৪ লাখ টাকার নকল প্রসাধনীসহ যুবক গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

রাজশাহীতে ৪ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা মূল্যের নকল প্রসাধনীসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শওকত আলী (৩৮)। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা সরাতলা গ্রামে। বাবার নাম আওয়াল আলী খন্দকার।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে নগরীর সাগরপাড়া কাঁচাবাজার এলাকার একটি বাড়িতে এ অভিযান চালায়। এ সময় এসব বাজারজাত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

নগর ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি) আরেফিন জুয়েল জানান, দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ নকল প্রসাধনী মজুত করে রেখেছিলেন শওকত। এসব প্রসাধনী তিনি রাজশাহীর বিভিন্ন কসমেটিকসের দোকানে সরবরাহ করতেন। এছাড়া বিউটি পার্লারেও পাঠানো হতো এসব নকল পণ্য। গোপন সংবাদের ভিত্তিতে শওকতের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। বাড়িটি থেকে প্রায় ৪ লাখ ৫১ হাজার ৪৫০ টাকার নকল প্রসাধনীসামগ্রী জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এসব নকল পণ্য ব্যবহারের ফলে ত্বকের নানা রোগ সৃষ্টি হয়। রয়েছে ক্যান্সারেরও ঝুঁকি। দীর্ঘ দিন ধরেই শওকত এসব পণ্য বাজারজাত করছিলেন। এ ঘটনায় শওকতের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD