বিনোদন ডেস্ক : ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। মৃতদেহ সৎকার নিয়েও সংকটের শেষ নেই। এ পরিস্থিতিতে শ্মশান তৈরির সিদ্ধান্ত নিয়েছেন টলিউড অভিনেতা ও সাংসদ দেব। নিজের লোকসভা কেন্দ্র ঘাটালের লোকালয় থেকে দূরে শ্মশান তৈরির কাজ শুরু হয়েছে দেবের উদ্যোগে। যেখানে স্বাস্থ্যবিধি মেনে করোনায় আক্রান্ত মৃতদের দেহ সৎকার করা যাবে।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ঘাটালের বেশিরভাগ শ্মশান লোকালয়ে। তাই করোনায় আক্রান্ত মৃতদের দেহ সৎকারে অসুবিধা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে লোকালয়ের বাইরে সুরক্ষিত স্থানে শ্মশান তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। তার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শ্মশান তৈরির অনুমতি চান দেব। সঙ্গে সঙ্গে তা পেয়েও যান। অনুমতি পেয়েই কাজ শুরু করেছেন এই তারকা সাংসদ।
দেব বলেন—বিষয়টি শুনতে এবং ভাবতে খারাপ লাগলেও এটা একটা বাস্তব সমস্যা। তাই মুখ্যমন্ত্রীর অনুমতি পেয়েই কাজ শুরু করেছি। ঘাটালের লোকালয়ের বাইরের এই শ্মশানে শুধু করোনায় আক্রান্ত মৃতদের দেহ সৎকার করা হবে।

করোনা সংকট মোকাবিলায় ঘাটালে নিজের অফিস আইসোলেশন সেন্টারে রূপান্তর করেছেন দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আইসোলেশন সেন্টারে যেকোনো করোনা আক্রান্ত রোগী ভর্তি হতে পারবেন। সেখানে অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থাও থাকছে। শুধু তাই নয়, আইসোলেশন সেন্টারের পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু করেছেন দেব। প্রতিদিন করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়েছেন এই অভিনেতা।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন দেব। হাসপাতালে বেডের ব্যবস্থা করা, লকডাউনে আটকে পড়া শ্রমিকদের নিজ নিজ বাড়িতে ফেরানোর কাজ করছেন তিনি। ঘাটালে কমিউনিটি কিচেন চালু করেছেন এই অভিনেতা। লকডাউনে যাদের কাজ নেই তাদের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছেন দেব।
লাইট নিউজ