স্পোর্টস ডেস্ক : স্মরণীয় এক ম্যাচের সাক্ষী হলো প্রিমিয়ার লিগ। মৌসুমে নিজেদের শেষ ম্যাচে সার্জিও অ্যাগুয়েরোকে বিদায় জানিয়েছে ম্যানচেস্টার সিটি। এভারটনের বিরুদ্ধে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে দল। দুটি গোল পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এতে ইংলিশ লিগে এক দলের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন তার দখলে।
রোববার ম্যাচের ৬৫ মিনিটে ৩-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় মাঠে নামেন ৩২ বছর বয়সী এই তারকা। মাত্র ছয় মিনিট পরেই পেনাল্টি বক্সে ড্রিবলিং করে গোল আদায় করেন তিনি।
এখানেই শেষ নয় ৭৬ মিনিটের দুর্দান্ত এক হেডের মাধ্যমে গোল তুলে নেন। এতে লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ওয়েন রুনির করা ১৮৩ গোল টপকে যান তিনি। অ্যাগুয়েরোর বর্তমান গোলের সংখ্যা ১৮৪। অন্যদিকে সব প্রতিযোগিতায় ৩৮৯ ম্যাচে তার গোল সংখ্যা ২৬০ এ দাঁড়ালো।
একে তো ২০২০/২১ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব। অন্যদিকে ম্যানসিটির ইতিহাসের সবচেয়ে সেরা ফুটবলারের বিদায়। সব মিলিয়ে ১০ হাজার দর্শকসহ ইত্তিহাদ স্টেডিয়াম সেজেছিল বর্ণিল সাজে।
২০১১/১২ মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল। ৯৩ মিনিট ২০ সেকেন্ডে গোল আদায় করে দলকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন অ্যাগুয়েরো নিজেই। তারপর থেকে পাল্টে যায় দলের চেহারা। মোট পাঁচবার লিগ টপার হয়েছে সিটিজেনরা। প্রতিবারই দলে ছিলেন সার্জিও অ্যাগুয়েরো।
ম্যানসিটির কিংবদন্তির বিদায় বেলা কোচ পেপ গার্দিওলার চোখে পানি চলে আসে। তিনি বলেন, ‘অ্যাগুয়েরো সব সময় আমাদের কাছে বিশেষ। অনেক মিশুক। আমাকে অনেক সহায়তা করেছেন। তার বিকল্প ভাবা সম্ভব নয়। একদমই নয়।’
সম্প্রতি খবর চাউর হয় ম্যানচেস্টারের পর বার্সেলোনায় খেলতে দেখা যাবে অ্যাগুয়েরোকে। অবশেষে স্প্যানিশ দলটির সাবেক কোচ ও খেলোয়াড় গার্দিওলা নিজেই বিষয়টি নিশ্চিত করে দিলেন।
‘একটা গোপন কথা বলে দিচ্ছি, আমার প্রাণপ্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি করার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। সর্বকালের সেরা ফুটবলার মেসির সঙ্গে খেলতে চলেছেন। আশা করি তাকে পেয়ে দলটি আরও শক্তিশালী হবে।’