কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় টানা ১৯ দিনের বিধিনিষেধ শেষে গত ২৪ ঘণ্টায় ৩২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। রেকর্ড শনাক্তের দিনে আরও ৯ জন মারা গেছেন। জেলায় এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। ৮৩০ নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯.০৩ শতাংশ।
বুধবার (৩০ জুন) রাতে জেলা প্রশাসকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২১১ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৩৫ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ৩৯ দশমিক ০৩ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৩২৪ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১১৩ জন, কুমারখালীর ৫৪ জন, দৌলতপুরের ৪৯ জন, মিরপুরের ৩৩ জন, ভেড়ামারার ৫২ জন এবং খোকসার ২৩ জন রয়েছেন। মারা যাওয়া ৯ জনের মধ্যে একজন ভেড়ামারা উপজেলার এবং ২ জন করে সদর উপজেলা, দৌলতপুর, কুমারখালী এবং মিরপুর উপজেলার বাসিন্দা।