ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের লম্বা সফর শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। ইতিমধ্যে হারারেতে পৌঁছে গিয়েছেন মুমিনুল-মুশফিকরা। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটিতে পা দিয়েই দিতে হয়েছিল করোনা টেস্ট। ভক্তদের জন্য সুখবর হলো- সাপোর্টস্টাফ ও কোচরাসহ পুরো দল করোনা টেস্টে নেগেটিভ এসেছে।
কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে দোহা-জোহানেসবার্গ হয়ে হারারেতে পৌঁছান লাল সবুজের প্রতিনিধিরা। গতকাল বুধবার বিশ্রামে কাটানোর পর আজ বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হবে সাদাপোশাকের মহারণের প্রস্তুতি।

এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলা হয়েছে, ‘দলের সাপোর্ট স্টাফ ও কোচরাসহ সকল সদস্য কোভিট নেগেটিভ হয়েছেন। আজ বিকেল থেকে শুরু হবে অনুশীলন।’
ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে বাংলাদেশের অবস্থান এমনিতেও নড়বড়ে। ঘরের মাঠে ২০১৪ সাল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ৬টি টেস্ট খেলে মাত্র ১টিতে হারতে হয়েছে। কিন্তু তাদের মাটিতে সুবিধা করতে পারেননি সাকিব-তামিমরা। এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলে সমান ১টি করে জয়-ড্র। আর বাকিগুলোতে জিম্বাবুয়ের জয়। অর্থাৎ নিজেদের মাটিতে দুই দলই সমান শক্তিশালী।