শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেয়ের মুখে অক্সিজেন লাগিয়ে ১৩ দিন ধরে ঘুরছেন বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : সিএনজি অটোরিকশার মধ‌্যে বাবা-মেয়ে বসা। বাবার হাতে একটি অক্সিজেন সিলিন্ডার। মেয়ের মুখে অক্সিজেনের নল লাগানো। আরেকটি সিলিন্ডার পায়ের নিচে রাখা। মুখে লাগানো অক্সিজেন কখন না জানি শেষ হয়ে যায়- এ অনিশ্চয়তার মধ্যে এবং মৃত্যু ভয় নিয়ে গত ১৩ দিন ধরে মেয়েকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরছেন খুলনার শেখ ওয়াহিদ আলী।

মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে শেখ ওয়াহিদ আলী বলেন, ‘মেয়ের করোনা পরীক্ষার রিপোর্ট পাইনি। আর রিপোর্ট ছাড়া তাকে কোনো হাসপাতালে ভর্তি নিতে কিংবা কোনো চিকিৎসক চেম্বারেও চিকিৎসা দিতে রাজি হয়নি। সবাই বলছেন, আগে রিপোর্ট, পরে চিকিৎসা।’

কলেজ পড়ুয়া মেয়ে শেখ রাইসা তাহসিন অর্পিতার চিকিৎসা করাতে না পেরে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, অর্পিতার জ্বর, গায়ে ব্যথা এবং তীব্র শ্বাসকষ্ট হচ্ছে।

খুলনার করোনা হাসপাতালের সামনে দাঁড়িয়ে অসহায় বাবা ওয়াহিদ আলী বলছিলেন, ‘এখানে করোনা পরীক্ষার জন্য মেয়ের নমুনা দিয়েছিলাম ২৯ জুন। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। কিন্তু ৮ দিন হয়ে গেছে, রিপোর্ট পাইনি। যোগাযোগ করছি রোজ। কবে রিপোর্ট দিতে পারবে তারা তার কোনো নিশ্চয়তা দিচ্ছে না। পরে আবারও ৫ জুলাই করোনার পরীক্ষার জন‌্য নমুনা দেওয়া হয়েছে।’

অর্পিতার বাবা জানান, ‘আমরা বিভিন্ন হাসপাতালে ঘুরেছি, চিকিৎসকের চেম্বারে যাচ্ছি। কিন্তু তারা করোনার রিপোর্ট ছাড়া চিকিৎসা দিতে রাজি হচ্ছেন না। কিন্তু মেয়ের খুব শ্বাসকষ্ট হওয়ায় অটোরিকশাতে একটি অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার রাখতে হচ্ছে। হাসপাতাল থেকে রিপোর্ট দিলো না। মেয়েকে নিয়ে এখন কী করবো?’

অর্পিতার বড় ভাই জসিম বলেন, ‘আমার বোনকে চিকিৎসার জন্য সরকারি-বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। করোনার রিপোর্ট ছাড়া সেখানকার ডাক্তাররা রোগী দেখতে চাচ্ছেন না। আবু নাসের হাসপাতালে নতুন একটা ইউনিট চালু হয়েছে। সেখানে গেলাম, তারাও বলছে, রিপোর্ট ছাড়া ভর্তি নেবে না।’

তিনি বলেন, ‘চিকিৎসা না পেয়ে আমার বোন আরও অসুস্থ হয়ে পড়ছে। শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে। এখানে ডাক্তাররা বলছেন, বেড নেই, ভর্তি রাখা যাবে না। করোনা হাসপাতালে আবারও নমুনা দিলাম। তবে কবে রিপোর্ট পাব তা বলতে পারছি না। খুব অসহায় লাগছে নিজেদের। বোন আমার কষ্ট পাচ্ছে, আর কিছুই করতে পারছি না।’

করোনা পরীক্ষার রিপোর্ট দিতে বিলম্বের বিষয়টি স্বীকার করে খুলনা মেডিক‌্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, ভেতরে ভাইরাস ছড়িয়ে পড়ায় গত ২৯ জুন থেকে খুলনা মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ ছিল। এ কারণে রিপোর্ট দিতে সময় লাগছে। তবে ভাইরাসমুক্ত করে ৪ জুলাই বিকেলে ল্যাবটি আবার সচল করা হয়েছে। ল্যাবে পুরোদমে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এখন দ্রুত রিপোর্ট দেওয়া যাবে।’

সূত্র : রাইজিংবিডি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD