রাজশাহী প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৮ জুন সর্বোচ্চ ২৫ জন মারা যান।
রোববার (১১ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, ১০ জুলাই সকাল ৮টা থেকে ১১ জুলাই সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
তিনি জানান, মারা যাওয়া ১৯ জনের মধ্যে ছয় জনের করোনা পজিটিভ ছিলো। ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর দুই জন শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন।
মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর নয় জন, নাটোরের ছয়জন, নওগাঁর দুই জন, পাবনার একজন এবং কুষ্টিয়ার একজন রোগী ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ১১ দিনে ১৯০ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৫১৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।