বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

হাতকড়া হাতে হাসপাতাল বেডে কাতরাচ্ছেন সাংবাদিক তানু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

ঠাকুরগাঁও প্রতিনিধি : হাতকড়া হাতে হাসপাতাল বেডে কাতরাচ্ছেন সাংবাদিক তানু। শারীরিক অসুস্থতা নিয়ে পুলিশি হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে তাকে।

শনিবার (১০ জুলাই) দিবাগত রাত ১টার সময় শ্বাস কষ্টজনিত সমস্যা হলে থানা থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয় তানুকে।

রোববার (১১ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

সাংবাদিক তানুর পরিবারের সূত্রে জানা যায়, গত ৫ জুলাই তারিখেই তিনি করোনা থেকে সুস্থ হন। তবে এখনও তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছেন। তাকে নিয়মিত ওষুধ খাওয়ানো হচ্ছে। এমন অবস্থায় তার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে তারা শঙ্কিত।

ওসি তানভীরুল ইসলাম বলেন, ‘সাংবাদিক তানু হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করে। বিষয়টি দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা আমাকে জানালে আমি তাকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেই।’

ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) চয়ন জানান, কিছুদিন আগেই তিনি করোনা থেকে সুস্থ হয়েছেন। তাই তার শ্বাস কষ্ট ও শারীরিক দুর্বলতা রয়েছে। তাকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য যে, গত ৬ ও ৭ই জুলাই জাগো নিউজ পোর্টাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইনে ‘ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ টাকার খাবার দেওয়া হয়’ এই মর্মে একটি নিউজ প্রচার হয়। এই নিউজ প্রচারের পরেই হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচরে বসে এবং তারপরেই এই নিউজের বিপক্ষে হাসপাতালের পরিচালক সদর থানায় আইসিটি মামলা করেন। সেই মামলায় শনিবার সন্ধ‌্যায় তানুকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD