ডেস্ক রিপোর্ট : কোরবানির পশুর হাটে ও ঈদে বাড়ি ফেরা মানুষের মধ্যে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অথচ স্বাস্থ্যবিধি মানার শর্তেই লকডাউন শিথিল করা হয়েছিল। এখন এসব বিধিবিধানের কথা সবাই ভুলে গেছেন। যেখানে মাস্ক পরার কথা ছিল সেখানে অধিকাংশেরই মুখ খালি আর নিরাপদ দূরত্ব বজায়ের জায়গায় মানুষের ঢলে ঠেসাঠেসি।
দেশে করোনা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। প্রতিদিন সংক্রমণ ও মৃত্যু রেকর্ড ছাড়াচ্ছে। করোনা রোগীদের চিকিৎসা নিয়েও হিমশিম খাচ্ছে সরকার। এ অবস্থায় ঈদে বাড়ি ফেরা মানুষের ঢল ও কোরবানির পশুর হাট নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। যারা ঈদে বাড়ি যাচ্ছেন তারা গ্রামে গিয়ে মানুষকে সংক্রমিত করবেন। আবার ঢাকায় ফিরে এসে রাজধানীতেও সংক্রমণ বৃদ্ধি করবেন।
স্বাস্থ্য অধিদপ্তরও এ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছে। অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, পশুর হাট নিয়ে যেসব খবর পাওয়া যাচ্ছে তা উদ্বেগজনক। সবাইকে আরও সচেতনভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এখনই করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক-নার্সদের। তার ওপর এর চেয়ে বেশি সংক্রমিত হলে করোনা রোগীদের চিকিৎসাসেবা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সক্ষমতার বাইরে গেলে আমাদের কিছুই করার থাকবে না। তাই সবারই মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। সবার সচেতন হতে হবে। জনগণকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য সচেতন করে তুলতে সর্বস্তরের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।

গত সাত দিনের মধ্যে এক দিন ছাড়া বাকি ছয় দিনই দৈনিক মৃত্যু দুইশর বেশিই ছিল। গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২২৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার ২০৪ জন, শুক্রবার ১৮৭ জন, বৃহস্পতিবার ২২৬ জন, বুধবার ২১০ জন, মঙ্গলবার ২০৩ জন এবং সোমবার ২২০ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে ১ হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮২ হাজার ৮০০ জনের। এরমধ্যে রবিবার ১১ হাজার ৫৭৮ জন শনাক্ত হয়েছেন। গত শনিবার ৮ হাজার ৪৮৯ জন, শুক্রবার ১২ হাজার ১৪৮ জন, বৃহস্পতিবার ১২ হাজার ২৩৬ জন, বুধবার ১২ হাজার ৩৮৩ জন, মঙ্গলবার ১২ হাজার ১৯৮ জন এবং গত সোমবার ১৩ হাজার ৭৬৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন। গতকাল পর্যন্ত মোট ১৭ হাজার ৮৯৪ জনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলছেন, ঈদ সামনে রেখে মানুষ এখন গ্রামে গিয়ে মানুষকে সংক্রমিত করছে। ঈদের পর তারা ঢাকায় এসে রাজধানীর মানুষকে সংক্রমিত করবে। তখন পরিস্থিতি কী হবে বলা যাচ্ছে না। বর্তমানে করোনার যে অবস্থা তাতে ডাক্তাররা চিকিৎসাসেবা চালিয়ে যেতে পারছেন। রোগী বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। তিনি বলেন, বাঁচতে হলে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। এ ব্যাপারে জনসাধারণের সচেতন হতেই হবে।
ঢাকার দুই সিটির শর্ত অনুযায়ী পশুর হাটে মাস্ক, সাবান, জীবাণুমুক্তকরণ সামগ্রীর ব্যবস্থা করবেন ইজারাদার। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সবার ব্যক্তিগত সুরক্ষা জোরদার করা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। হাঁচি, কাশির শিষ্টাচার, শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়ার কথা সার্বক্ষণিক মাইকে প্রচার করতে হবে। হাটে প্রবেশের সময় গ্রাহক চাইলে তাকে বিনামূল্যে মাস্ক দিতে হবে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। পর্যাপ্ত পানি ও ব্লিচিং পাউডার দিয়ে পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করতে হবে। একটি পশু থেকে আরেকটি পশু এমনভাবে রাখতে হবে যেন ক্রেতাদের মধ্যে তিন ফুট দূরত্ব থাকে। ভিড় এড়াতে মূল্য পরিশোধ ও হাসিল আদায় কাউন্টারের সংখ্যা বাড়াতে হবে। মূল্য পরিশোধের সময় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে হবে। প্রয়োজনে রেখা টেনে বা গোল চিহ্ন দিয়ে দিতে হবে। হাটের ধারণক্ষমতা অনুযায়ী পশু ঢোকাতে হবে।

রাজধানীর অধিকাংশ পশুর হাটেই স্বাস্থ্যবিধির ব্যাপারে ইজারাদারদের তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। রবিবার ভাটারার একটি পশুর হাট পরিদর্শনে গিয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম হাটে স্বাস্থ্যবিধি মানার ব্যত্যয় দেখা গেলে ডিএনসিসির অ্যাপ ‘সবার ঢাকা’-তে অভিযোগ দেওয়ার আহ্বান জানান। এসময় স্বাস্থ্যবিধি মানা না হলে হাট বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন মেয়র।
লাইট নিউজ