স্টাফ রিপোর্টার : করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় দেশজুড়ে চলছে গণটিকা কার্যক্রম। তবে, এদিন সকাল থেকেই গণটিকা নিতে আসা ২৫ বছর ঊর্ধ্বে তরুণ-তরুণী, নারী পুরুষসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে টিকা কেন্দ্রগুলোতে।
রাজধানীর পরীবাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিক মিয়া এভিনিউ উচ্চ বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু হলেও টিকা নিতে আসা কয়েকজন জানান, সকাল ৮টার আগেই তারা লাইনে এসে অপেক্ষা করছেন। তবে, মুক্তিযোদ্ধা, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হচ্ছে।

যারা মোবাইলে রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের অনেকেই জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা নিতে এসেছেন।
গণটিকাদান কার্যক্রম চলবে ১২ আগস্ট পর্যন্ত। এই ৬ দিনে সারা দেশে ক্যাম্পেইন চালিয়ে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। টিকা পাবেন ২৫ বছর ও তদূর্ধ্ব গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষকে প্রাধান্য দিয়ে।
এই ক্যাম্পেইনের আওতায় দেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে একযোগে টিকা দেয়া হবে। এতে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকর্মী ও ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর ।