স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস মহামারীতেই ভারতের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করেছিল বিসিসিআই। এপ্রিলে শুরু হওয়া এবারের টুর্নামেন্টে বড় ধরণের ধাক্কা খায় আয়োজকরা। ফ্রাঞ্চাইজিগুলোর একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের কোভিড পজিটিভ হয়। ফলে মাঝপথেই স্থগিত করা হয় টি-টোয়েন্টির এই জনপ্রিয় আসর। শেষ পর্যন্ত বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে অংশ নেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই তারকা পেসারের মতে আইপিএলে ভালো করলে দেশের হয়ে ভালো করা সম্ভব।
ক্রিকবাজের সঙ্গে আলাপকালে মুস্তাফিজ বলেছেন, ‘আসন্ন নিউজিল্যান্ড সিরিজ, আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে আমি আশাবাদী। আমি বেশ ছন্দে আছি। আশাকরি সামনের দিনেও ধারাবাহিকতা বজায় রাখব। আমি মনে করি আইপিএল আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে সহায়তা করে। কারণ আপনি প্রতিপক্ষ হিসেবে সেরাদের পাচ্ছেন। সেখানে ভালো করতে পারলে জাতীয় দলের জার্সিতে খেলাটা আরও সহজ হয়।’
১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস। টুর্নামেন্টের শেষ লিগের ম্যাচ মাঠে গড়াবে ৮ অক্টোবর। ১৫ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে ২০২১ আইপিএলের। এর পরই আরব আমিরাতেই শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ।
দ্য ফিজ খ্যাত বাম-হাতি এই পেসার বলেন, ‘বিশ্ব তারকারা এই টুর্নামেন্টে অংশ নেন। যদি আপনি নিজের সেরাটা দিতে পারেন তাহলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়। আমার ক্ষেত্রে এমনটাই হবে। আমি যদি আইপিএলের চাপ সহ্য করতে পারি নিঃসন্দেহে তার ফল টি-টোয়েন্টি বিশ্বকাপে পাবো।’
আইপিএল স্থগিত হওয়ার আগে সাত ম্যাচে আট উইকেট তুলেন মুস্তাফিজুর রহমান। ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তার দল রাজস্থান রয়্যালস।
‘সিড লাহিরি নামে একজন কোচ আছেন তিনি আমাকে অনেক সহায়তা করেছেন। রাজস্থান ক্যাম্পে থাকা সবাই আমাকে পরামর্শ দিয়েছেন। আমি সবার থেকে ভালো জিনিস নেয়ার চেষ্টা করি। যা যেকোনও পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সহায়তা করে।’ যোগ করেন মুস্তাফিজ।