স্টাফ রিপোর্টার : টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের আরও সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় আসছে। উপহারের চতুর্থ চালান আজ শুক্রবার (২০ আগস্ট) ঢাকার উদ্দেশ্যে টোকিও ছেড়েছে।
জাপানের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট টিকাগুলো নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। টিকা বহনকারী বিমানটি শনিবার (২১ আগস্ট) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
ফ্লাইটটি ঢাকার পথে উড্ডয়নের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন।
এ নিয়ে চার দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে।