ডেস্ক রিপোর্ট : মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও হারমানছে। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যুহার। এমতাবস্থায় দেশে বিভিন্ন জেলা থেকে ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ৪ এবং ৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে করোনায় মারা যাওয়া চারজনের সবাই ময়মনসিংহের।
ডা. মুন আরো জানান, ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯৮ জন। এর মধ্যে ১১ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
এদিকে জেলায় একদিনে ৮০৩ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৯২ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২ নারীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। নতুন ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কুষ্টিয়ার ১ জন মারা গেছেন। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর ৩ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ২ জন।
তিনি আরো জানান, বুধবার সকাল ৮ টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২২১ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৫ জন।
এর আগে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় ১২৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৭.৭৪%।