শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :

রককে রেসলিংয়ে ফেরাতে যা বললেন জন সিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : হলিউড সিনেমার সেরা তারকাদের মধ্যে ডোয়েইন ডগলাস জনসন অন্যতম। পর্দায় যার উপস্থিতি মানেই সুপার হিট সিনেমা। তবে সিনেমার চেয়েও রেসলিংয়ে ব্যাপক জনপ্রিয় তিনি।

‘দ্য রক’ নামে বিশ্বখ্যাত এ তারকা। রেসলিং ও সিনেমায় দুই ভুবনেই অগণিত ভক্ত তার। কিন্তু অভিনয়ের প্রেমে পড়ে ডব্লিউডব্লিউই ছেড়েছেন ২০১৯ সালে।

কিন্তু এবার তাকে পুনরায় ডব্লিউডব্লিউইতে আমন্ত্রণ জানালেন রেসলিংয়ের আরেক তারকা জন সিনা।

জন সিনাও অভিনয়ের টানে রেসলিংয়ে এখন আর নিয়মিত নন।

তবে তিনি রিংয়ে আবার ‘দ্য রক’-এর দাপট দেখতে আগ্রহী।

সম্প্রতি নিজের নতুন সিনেমার প্রচারে এসে গণমাধ্যম ইটি অনলাইনকে জন সিনা বলেন, ‘ডব্লিউডব্লিউইতে রকের একজন বড় ভক্ত আমি। তিনিও ডব্লিউডব্লিউইর একজন বড় ভক্ত। আমার দেখা সবচেয়ে দ্রুতগতির রেসলার তিনি। তার একজন ভক্ত হিসেবে আমি সর্বকালের অন্যতম সেরা এই ডব্লিউডব্লিউই খেলোয়াড়কে আবার রিংয়ে দেখতে চাই। সিনেমায় তার দারুণ সব অর্জন দেখা যাচ্ছে। কিন্তু একজন ভক্ত হিসেবে রককে রিংয়ে লড়তে দেখা দারুণ হবে। তাছাড়া এখনও রিংয়ের লড়াইয়ে রক তার সেরাটা দেখাতে পারবে। এই খেলাটির সুন্দর সমাপ্তি টানা উচিত তার। আমি তাকে রাজি করানোর চেষ্টা করব। তাকে কল করব। চেষ্টা করব তাকে রিংয়ে ফিরিয়ে আনতে। তবে ‘না’ বলার অধিকার তার রয়েছে।’

১৯৯৬ সালে পেশাদার রেসলিংয়ে যোগ দেন মার্কিন রেসলার ডোয়েইন ডগলাস জনসন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন ১৭টি ডব্লিউডব্লিউই শিরোপা। ২০১৯ সালে ডব্লিউডব্লিউকে বিদায় জানিয়ে হলিউডে থিতু হন।

অন্যদিকে ১৯৯৮ সালে বডি বিল্ডিং দিয়ে ক্যারিয়ার শুরু করা জন সিনা পরের বছরই নাম লেখান রেসলিংয়ে। এরপর একের পর এক রিং জয়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন। ১৩ বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছেন এ রেসলার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD