কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহুল আলোচিত শিশু দেবদত্ত (৯) অপহরণ ও হত্যা মামলায় বিচারিক আদালত আসামি সবুজ মল্লিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ে অন্য দুই আসামি হাবিবুর রহমান ও এরশাদ আলীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। এ ছাড়াও আসামিকে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের পবিত্র কুমার দত্ত’র ছেলে ও চিথলিয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেবদত্ত। ২০১৮ সালের ৯ জুন সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে অপহরণ করে আসামিরা। একদিন পরে পবিত্র কুমারের মোবাইলে ফোন করে তার ছেলে মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করা হয়। পবিত্র কুমার দত্ত ১১ তারিখে মিরপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
পুলিশ এই মামলার সূত্র ধরে চিথলিয়া গ্রামের তুফান মল্লিকের ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবুজ মল্লিককে আটক করে। জিজ্ঞাসাবাদে সবুজ পুলিশের কাছে ঘটনা স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে অপহরণের ১৬ দিন পর একটি পরিত্যক্ত টয়লেট থেকে দেবদত্তের মরদেহ উদ্ধার করা হয়। আদালতে ১৬৪ ধারায় অন্য দুজনের কথা স্বীকার করে জবানবন্দি দেয় সবুজ।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট আবদুল হালিম জানিয়েছেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা ছিল। পলাতকদের গ্রেপ্তারের ব্যাপারে আদালত নিদের্শনা দিয়েছেন। মামলার বাদী পবিত্র কুমার দত্ত রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান।