ফুটবল মাঠ যেন হয়ে উঠল রণক্ষেত্র! কোপা এইউএফ উরুগুয়েতে মন্টেভিডিও সিটি টর্কের বিরুদ্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় হঠাৎই মাঠে ঢুকে পড়ে দানুবিও দলের সমর্থক গোষ্ঠী। খেলোয়াড়দের সরাসরি আক্রমণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্দেশ্যে তারা মাঠে প্রবেশ করলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশ।
খেলার শেষ মুহূর্তের দিকে উত্তেজিত সমর্থকরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে ফুটবলারদের দিকে তেড়ে যায় এবং দানুবিওর খেলোয়াড় সেবাস্টিয়ান রদ্রিগেজকে ধাক্কা দেয়।
পুলিশ কিংবা নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার আগেই এগিয়ে আসেন দলের ২০ বছর বয়সী তরুণ গোলরক্ষক কেভিন মার্তিনেজ। সতীর্থদের বাঁচাতে নিজের পোস্ট ছেড়ে মাঠের মাঝখানে ছুটে গিয়ে সমর্থকদের মুখোমুখি হন তিনি।
সমর্থকদের প্রতিহত করতে গিয়ে গোলরক্ষক মার্তিনেজ সরাসরি হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে দলের অন্যান্য খেলোয়াড় ও পুলিশ এসে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করে।
দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বড় ধরনের কোনো গুরুতর শারীরিক আঘাতের খবর পাওয়া যায়নি। তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংস কাণ্ডের জন্য দানুবিও ক্লাবকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।