বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

নাঈমের পঞ্চাশ তম জন্মদিনে নেই কোনো আয়োজন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

 

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈমের পঞ্চাশ তম জন্মদিন আজ। ১৯৭০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন এই নায়ক। এবারের জন্মদিন বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা ছিল তার। কিন্তু করোনাভাইরাসের কারণে এ দিনটিকে ঘিরে কোনো আয়োজন করছেন না তিনি।

নিজের জন্মদিন নিয়ে নাঈম বলেন, আজকের এই বিশেষদিনে বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা ছিল। কিন্তু এমন পরিস্থিতিতে আমরা উদযাপন থেকে সরে এসেছি।

নাঈম বলেন, জন্মদিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার বাবা মা, শ্রদ্ধেয় পরিচালক এহতেশাম, চাঁদনীর প্রযোজকসহ এই সিনেমা সংশ্লিষ্ট সবাইকে। যতোগুলো সিনেমাতে অভিনয় করেছি প্রত্যেক সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পী’সহ সিনেমার প্রত্যেককে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমার ভক্ত দর্শকের প্রতিও ভালোবাসা রইল।

স্ত্রী চিত্রনায়িকা শাবনাজের উদ্দেশ্যে নাঈম বলেন, আমার স্ত্রী শাবনাজকে ধন্যবাদ আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেয়ার জন্য। মহান আল্লাহ আমাকে দুই মেয়ে সন্তান উপহার দিয়েছেন, অশেষ কৃতজ্ঞতা আল্লাহর প্রতি। জীবনের বাকিটা দিন সুস্থ, সুন্দরভাবে কাটিয়ে দিতে চাই।

এই নায়ক বলেন, বর্তমানে তারা উত্তরার বাসায় রয়েছি। আমার সঙ্গে রয়েছেন স্ত্রী ও ছোট মেয়ে। বড় মেয়ে কানাডায় রয়েছে। নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হচ্ছে। সে ভালো আছে। আমরাও নিয়ম মেনে ঘরে রয়েছি। করোনায় সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সাবধানে থাকুন।

নাঈমের ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি গান বাজনার প্রতি প্রবল আকর্ষণ ছিল। ১৯৯১ সালের ৪ অক্টোবর ‘চাঁদনী’ ছবির মুক্তির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় নাঈমের। প্রথম ছবিই সুপার হিট। এতে তার বিপরীতে ছিলেন শাবনাজ। ছবিটির মাধ্যমে নতুন নায়ক-নায়িকা হিসেবে আলোচনার শীর্ষে উঠে আসেন এই জুটি।

এরপর ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘দিল’, ‘টাকার অহংকার’, ‘ঘরে ঘরে যুদ্ধ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’সহ বেশ কয়েকটি ছবিতে জুটি বেধে অভিনয় করেন। প্রায় ২০টির মতো ছবিতে এই জুটিকে দেখা গেছে। যার প্রতিটি ছবিই জনপ্রিয় ও ব্যবসাসফল। অভিনয়ের তিন বছরের মাথায় শাবনাজ ও নাঈম দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন তারা।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD