শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

মোদিকে ‘স্বৈরাচারী’ বলে শ্রীলেখার কটাক্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাড়ি, প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়েছে। এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

দেশটির বন্যা পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে প্রদীপ জ্বালানোর এই আহ্বানকে ‘বেদনাদায়ক পরিহাস’ হিসেবে উল্লেখ করেছেন শ্রীলেখা। একই সঙ্গে মোদি ও তার নেতৃত্বাধীন শাসকদলকে ‘স্বৈরাচারী’ বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেত্রী লেখেন, মানুষকে প্রদীপ জ্বালাতে বলা হচ্ছে। অথচ এমন এক সময়ে এই আহ্বান জানানো হচ্ছে, যখন মানুষের জীবন নানা সংকটে বিপর্যস্ত। তার ভাষায়, মানুষের জীবনকে কঠিন করে তোলার পর এমন প্রত্যাশা এক ধরনের বেদনাদায়ক পরিহাস।

বিজেপি ও সরকারের সমালোচনা করে শ্রীলেখা আরও অভিযোগ করেন, একজন স্বৈরাচারী কিংবা একটি স্বৈরাচারী গোষ্ঠী সাধারণ মানুষের জীবনে বিপর্যয় তৈরি করছে, সম্পত্তি ধ্বংস করছে, ঘরবাড়ি ভেঙে দিচ্ছে এবং মানুষের জীবিকা কেড়ে নিচ্ছে। পাশাপাশি সম্প্রদায়, জাতি ও ধর্মের মধ্যে বিভেদও বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। একই সময়ে এমন গোষ্ঠী নিজেদের ভগবান বিষ্ণুর অবতার হিসেবে দাবি করছে বলেও কটাক্ষ করেন অভিনেত্রী।

দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীলেখা। তিনি জানতে চান, সমাজ কোন দিকে এগিয়ে যাচ্ছে এবং কী ধরনের সমাজ গড়ে উঠছে, যেখানে অন্ধ অনুসারীদের ভক্ত হিসেবে মর্যাদা দেওয়া হয়, আর শিক্ষিত ও ভিন্নমত পোষণকারীদের ‘দিমাগি নকশাল’ তকমা দেওয়া হয়।

শ্রীলেখার মতে, এমন পরিস্থিতিতে ভয় শাসনের হাতিয়ার হয়ে ওঠে এবং ভিন্নমতকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হয়। পুরো পরিস্থিতিকে তিনি ‘ঘোরতর পরিহাস’ ও ‘অন্ধকার যুগ’ হিসেবেও বর্ণনা করেছেন।

এদিকে শ্রীলেখার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তার মন্তব্যের নিচে অনেক নেটিজেন নিজেদের মতামত প্রকাশ করেছেন এবং অনেকে অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একমতও হয়েছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD