অনলাইনে প্রতারণা করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করা কথিত জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) ভোলা জেলায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য অনুযায়ী আজ বুধবার (৪ আগস্ট) ভোররাতে ঢাকার ডেমরা এলাকা থেকে আটক করা হয় তার দুই সহযোগী রাসেল ও সোহাগকে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট, তিনটি সিম, একটি রাউটার, একটি পাসপোর্ট, দুটি চেক বই, একটি ভিসা কার্ড ও ডিভাইস জব্দ করা হয়।
সূত্র আরো জানায়, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ‘জিনের বাদশা’ সেজে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেছেন। বিভিন্ন সময়ে একাধিক ভুক্তভোগীর কাছ থেকে তারা গত ছয় মাসে আনুমানিক ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘জিনের বাদশা’ পরিচয় দানকারী আল আমিন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মসহ কেবল নেটওয়ার্কের লোকাল চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে জটিল ও কঠিন রোগে আক্রান্ত অসুস্থ মানুষকে সুস্থ করা, বিদেশে যাওয়ার সুব্যবস্থা, দাম্পত্য কলহ দূর করা, বিয়েতে বাধা দূর করা, অবাধ্যকে বাধ্য করা, চাকরিতে পদোন্নতি, কম দামে সোনা কেনাসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিজ্ঞাপন দিতেন।
মুক্তা ধর আরো বলেন, সমস্যা সমাধানের জন্য মানুষ যোগাযোগ করলে তাদের সঙ্গে মেয়ে কণ্ঠ নকল করে কথা বলতেন আল আমিন। এর মাধ্যমে তিনি নিরীহ সরলমনা মানুষকে ফাঁদে ফেলতেন এবং পরবর্তী সময়ে তাদের কথা অনুযায়ী কাজ না করলে প্রিয়জনের ক্ষতির ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। জিনের বাদশা সেজে এই প্রতারক চক্রটি দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল।