তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিসহ বিভিন্ন ইস্যুতে ফরিদপুরে গণসমাবেশ করবে বিএনপি। আওয়ামী লীগের ‘দুর্গ’ হিসেবে পরিচিত ফরিদপুরে সরকারের বাধা চ্যালেঞ্জ করে বড় জমায়েতের টার্গেট নিয়ে মাঠে প্রস্তুত বিএনপি। সবমিলিয়ে আওয়ামী লীগের ঘাঁটি ফরিদপুরে বিএনপি ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।
শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে গণসমাবেশ শুরু হবে, চলবে সন্ধ্যা পর্যন্ত।
এদিকে, শহরের উপকণ্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইন্সটিটিউশন মাঠে একদিন আগেই সমবেত নেতাকর্মীদের ভিড় উপচে পড়েছে। প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা শুক্রবার রাতে গণসমাবেশস্থলে পৌঁছেছেন।
গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু, স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর উপস্থিত থাকার কথা রয়েছে।
অন্যদিকে, পরিবহন ধর্মঘটসহ বিভিন্ন বাধা অতিক্রম করে সমাবেশ শুরুর একদিন আগেই আশপাশের বিভিন্ন জেলা-উপজেলাসহ সারাদেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে জড়ো হয়েছেন। সেখানেই তারা উৎসবমুখর পরিবেশে খাওয়া-দাওয়া ও খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেন।