করোনাভাইরাস মহামারিতে থমকে গিয়েছিল ইউরোপিয়ান ফুটবল। অবশেষে এক এক করে পুনরায় চালু হচ্ছে মহাদেশটির শীর্ষস্থানীয় লিগগুলো। এই যেমন বৃহস্পতিবার বল গড়িয়েছে স্প্যানিশ লিগে। তবে লিগের আসল শুরু হচ্ছে আজ রাত থেকে। যেখানে রিয়াল মায়োর্কার বিরুদ্ধে মাঠে নামছে লিওনেল মেসির বার্সেলোনা।
সর্বনাশা কোভিড-১৯ এর আতঙ্ক শেষ হয়ে যায়নি। তবে পরিস্থিতি অনেকটাই অনুকূলে এসেছে স্পেনে। ইতালিতেও তাই। কয়েক সপ্তাহ আগেও যে দেশটিতে দেখা গেছে লাশের মিছিল সেখানে কাল রাতে ফিরেছে হৃদয়ের স্পন্দন। বল গড়িয়েছে ইতালিয়ান ফুটবলে। ফুটবল ফেরার রাতে মাঠে নেমেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
আজ রাতে মাঠে নামছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসি। যদিও এই ম্যাচে মেসির খেলা নিয়েই জেগেছিল সংশয়। হালকা চোটে পড়েছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক। পরে সব অনিশ্চয়তা দূর করে মেসির মাঠে নামার ঘোষণা দিয়েছেন বার্সার প্রধান কোচ কিকে সেতিয়েন।
বাংলাদেশ সময় রাত দুটোয় মায়োর্কার বিরুদ্ধে লড়বেন মেসিরা। ম্যাচটি সরাসরি দেখা যাবে ফেসবুক লাইভে। করোনাভাইরাস ঝুঁকির কারণে এই ম্যাচটি তো বটেই, লিগের বাকি সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে রুদ্ধধার স্টেডিয়ামে। মাঠে প্রবেশ করতে পারবেন কেবল দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যাচ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।
স্প্যানিশ লিগের এবারের মৌসুম শুরু থেকেই জমজমাট। মৌসুমের শেষ দিকে এসেও ধারাটা অব্যাহত রেখেছে। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। দুই পয়েন্ট পিছিয়ে তাদের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাঠে নামবে রোববার রাতে; এইবারের বিরুদ্ধে।