গোপালগঞ্জে শুকতাইল ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ২৫ জন।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংঘর্ষ চলাকালে ৫-৬টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার (১ মার্চ) সকাল ৬টায় সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পার চন্দ্রদিঘলিয়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ১১ জনসহ ১৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ মিঠুন মোল্লা (২৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রানা মোল্লা ও সাবেক চেয়ারম্যান শেখ আবেদ আলীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জেরে সকালে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষ চলে প্রায় ঘণ্টা খানিক। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
গুলিবিদ্ধ রবিউল মোল্যা জানান, সংঘর্ষের সময় আবেদ শেখের লোকজন বন্দুক দিয়ে ছড়া গুলি ছোঁড়ে। এতে আমাদের বেশ কয়েকজন সমর্থক গুলিবিদ্ধ হয়েছে।