স্পোর্টস রিপোর্টার : সিরিজ বাঁচানোর লড়াইয়ে দলের সেরা খেলোয়াড়কে না পাওয়া নিয়ে এখন আর ভাবছেন না মুমিনুল হক। বাংলাদেশ টেস্ট অধিনায়কের চিন্তা জুড়ে এখন দলের কম্বিনেশন। এক জন খেলোয়াড়ের জায়গায় প্রয়োজন যে দুই জন, কীভাবে মেলাবেন হিসেব। সাকিব থাকায় একজন বাড়তি ব্যাটসম্যান কিংবা বোলার খেলাতে পারে বাংলাদেশ। ঊরুর চোটে তিনি ছিটকে যাওয়ায় ব্যাটিং-বোলিং কোনো বিভাগেরই ক্ষতি না করে একাদশ সাজানোর কঠিন চ্যালেঞ্জ মুমিনুলদের সামনে। সঙ্গে ছিটকে গেছেন প্রথম টেস্টে ফিফটি করা ওপেনার সাদমান ইসলাম। পরিবর্তন অনিবার্য। দুটি পজিশনে সঠিক খেলোয়াড় এনে ঘাটতি যতটা সম্ভব পুষিয়ে নেওয়ায় নজর মুমিনুলের।
সাকিব ভাই না থাকায় দলে দুই জন খেলোয়াড়কে আনতে হবে! ঢাকা টেস্টে আমাদের দুই জন খেলোয়াড় নতুন করে খেলবে। দুই পজিশনে দুজন আসবে।
যেহেতু সাদমান নাই তাই নতুন একজন আসতে পারে। সাকিব ভাই না থাকায় মিডল অর্ডারে একটা পরিবর্তন আসবে। ছয় নম্বরে আসতে পারে একজন।
সাকিব ছিটকে যাওয়ার সময়ই বাংলাদেশ জানত সাদমানও অনিশ্চিত। তাই ২০১৯ সালে সবশেষ টেস্ট খেলা সৌম্য সরকারকে দলে ডাকে স্বাগতিকরা। একাদশেও তার চলে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। অন্তত তেমনই আভাস মিলল মুমিনুলের কথায়। সাকিব ভাই না থাকলে এমন খেলোয়াড় নিতে হয় যে ব্যাটিং, বোলিং দুইটাই পারে। এমন খেলোয়াড় দরকার ছিল বলে সৌম্যকে দলে আনা হয়েছে। যে-ই আসুক বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অভাব অপূরণীয়। চোটের জন্য চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন থেকে আর মাঠে না নামা সাকিবের অভাব প্রবলভাবে অনুভব করেছিলেন মুমিনুল। ঢাকা টেস্টে ওই ভাবনাই পাশে সরিয়ে রাখতে চান তিনি। কেউ যদি মনে করে, সাকিব নাই তাই বাংলাদেশ দল চলবে না, তা ঠিক না। যখন সাকিব ভাই ছিলেন না, বাংলাদেশ দল কিন্তু চলেছে, ভালো খেলেছে, ম্যাচ জিতেছে।
উনি নেই বলে আমরা পিছিয়ে থাকব, আমি এভাবে চিন্তা করছি না। আমার যেটা আছে সেটা নিয়ে…সাকিব ভাইয়ের থাকা না থাকা নিয়ে এখন আর চিন্তা করছি না। ব্যাপারটা মাথায় যেন না থাকে সেভাবেই চেষ্টা করছি। যা আছে তা নিয়েই খেলতে হবে। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুবছর আগের ওয়েস্ট ইন্ডিজ ছিল এবারের চেয়ে আরও ভাল দল। সেই দলকে দুই ম্যাচের টেস্ট সিরিজে তুলোধুনো করলেও এবার ব্র্যাথওয়েটের তুলনামূলক কমজোরি, দূর্বল ও অনভিজ্ঞ দলের সাথে প্রথম টেস্ট হেরে বসে আছে মুমিনুল হকের বাংলাদেশ।
এখন টাইগারদের সামনে কেবল একটি পথই খোলা আছে। তাহলো, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরাজয়ের ধাক্কা সামলে শেরে বাংলায় দ্বিতীয় টেস্ট জেতা এবং সিরিজে সমতা ফিরিয়ে আনা।
ওয়ানডের মত বাংলাওয়াশ বহুদুরে, টেস্ট সিরিজ জেতারও কোনোই সুযোগ নেই টাইগারদের। বরং আছে উল্টো হোয়াইটওয়াশের শঙ্কা। ঢাকায় হারলেই ২০১৮ সালের উল্টো ঘটনা ঘটবে এবার। আজ থেকে শুরু হতে যাওয়া সেই টেস্ট তাই মুমিনুল, তামিম, মুশফিক, লিটন, মিরাজ ও মোস্তাফিজদের সিরিজ ও হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। এ টেস্ট জয়ে সিরিজ পরাজয় আর হোয়াইটওয়াশ রোধ দুইই সম্ভব।
কাজেই টিম বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। এখন টাইগাররা কিভাবে সে পরীক্ষা মোকাবিলা করে সেটাই দেখার। অধিনায়ক মুমিনুল হক কী চিন্তিত? তিনি কি বাড়তি চাপে আছেন? টেস্টের আগে সে প্রশ্নই উচ্চারিত হচ্ছে বেশি।
এ সম্পর্কে মুমিনুলের ব্যাখ্যা, দেখেন যে কথায় আছে অতীত যেটা চলে গেছে ওটা নিয়ে চিন্তা না করাই ভালো। ওখান থেকে যেগুলো ইতিবাচক জিনিস আছে সেগুলো নিয়ে সামনে এগোতে চাই। সে হিসেবে আল্লাহর রহমতে সবাই ইতিবাচক আছে। ইনশাআল্লাহ কালকে আমরা ইতিবাচক ফলাফল করতে চাই।
চাপ সম্পর্কে কথা বলতে গিয়ে মুমিনুল স্বীকার করেন আন্তর্জাতিক পরিমন্ডলে চাপ থাকে। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তখন যেখানেই সফর করেন না কেন, যত বড় দলই হোক না কেন, ছোট দলই হোক যখনই খেলবেন ম্যাচ হারলে বা দল যখন ফলাফল করবে না- তখন এমনিতেই চাপ থাকবে। ওই হিসেবে তো চাপ আছেই। আর আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবেন তখন তো চাপ থাকবেই। ওইটা নিয়ে কাজ করতে হবে এবং সেটা নিয়েই খেলতে হবে।