বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

আমার কোনো হাইকমান্ড নেই, লো কমান্ডও নেই: রুমিন ফারহানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমার কোনো হাইকমান্ড নেই, কোনো লো কমান্ডও নেই। আমার একমাত্র মালিক আল্লাহ। আর এই জমিনে আমার মালিক আমার ভোটাররা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, আমি একদিন আপনাদের কাছে ভোট পাহারা চাইছি। আপনারা যদি একদিন আমার ভোট পাহারা দেন, তাহলে আগামী পাঁচ বছর আমি আপনাদের পরিবার, এলাকা পাহারা দেব।

তিনি বলেন, কেউ যদি মনে করে শুধু মার্কার জোরে নির্বাচনের তরি পার হবে, সেই সুযোগ এইবার নেই। এই নির্বাচন যোগ্য ও সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন। আপনারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।

পানিশ্বর ইউনিয়নের জনসমর্থনের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, পানিশ্বরে যার পক্ষে জোয়ার ওঠে, সেই প্রার্থীই নির্বাচিত হয়। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—যেদিকেই তাকাই, শুধু হাঁস আর হাঁস।

প্রবাসীদের প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, অনেক ভাই প্রবাসে থেকে কষ্ট করে টাকা পাঠান। তাদের টাকায় আমাদের দেশের অর্থনীতি সচল থাকে এবং এলাকায় সচ্ছলতা ফিরে আসে। কিন্তু সংসদে তাদের কষ্ট, হয়রানি ও সমস্যার কথা বলার কেউ নেই।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, তাহলে সংসদে প্রবাসী ভাইদের সমস্যা তুলে ধরব। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যাগুলোর দ্রুত সমাধানের ব্যবস্থা করব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD