সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত অন্তত ৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

ইউক্রেনের রাজধানী কিয়েভে গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে ভয়াবহ রুশ বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। হামলায় শহরের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন কিয়েভ পেচেরস্ক লাভরা আশ্রমে আগুন লাগার ঘটনাও ঘটেছে।

সোমবার (১৫ জুন) ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে টেলিফোনে আলোচনা করার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা চালানো হয়।

হামলার আগে ইউক্রেন দাবি করে, তারা রাশিয়ার জ্বালানি ও সামরিক খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দূরপাল্লার হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইয়ারোস্লাভ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেল সংরক্ষণাগার এবং তুলা অঞ্চলের আজট রাসায়নিক কারখানায় সফল আঘাত হানা হয়েছে।

রাশিয়া ইউক্রেনীয় হামলার কিছু তথ্য স্বীকার করেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোন হামলায় একটি শিল্পাঞ্চলের জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তার কারণে কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে সীমিত করা হয়েছে।

এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ক্রেমলিন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপে ইউক্রেন যুদ্ধের অবসান এবং ইরান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। একই সময়ে ট্রাম্পের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। উভয় পক্ষ যুদ্ধ বন্ধে সম্ভাব্য উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD