রাজধানীর গুলশানে অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে গত ২৭ মে রাতে আগুন লাগার ঘটনায় পাঁচ জন রোগী মৃত্যুবরণ করেন। সেই ঘটনার দায়ে হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ সোমবার জনস্বার্থে এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ। শিগগিরই হাইকোর্টের বিচারপতি এম. এনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে রিট আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেন, ৫ জন রোগীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন হত্যা মামলা দায়ের করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। পাশাপাশি ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা চেয়েছি।
এর আগে গত ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুন লেগে পাঁচ জন রোগী মৃত্যুবরণ করেন। এর পরই হাসপাতালটির বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, সেখানে কোনো ফায়ার ফাইটার টিম নেই। ফায়ার হাইড্রেন্ট থাকলেও সেগুলো ব্যবহারের কোনো লোক নেই। আর আইসোলেশন ইউনিটটি পুরোপুরি মৃত্যুফাঁদ ছিল বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, আগুন লাগার পর হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই করেনি। তাদের কোনো ফায়ার ফাইটার টিম নেই। ফায়ার হাইড্রেন্ট থাকলেও সেগুলো ব্যবহারের কোনো লোক নেই। আর ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের চেষ্টা করলেও মেয়াদ না থাকায় সেগুলো কাজে আসেনি। এমনকি তাদের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকেও খবর দেয়া হয়নি।
লাইট নিউজ/আই