সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ড. মঈন খান সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর বাধা নেই লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর বাধা নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু লাখো শিক্ষার্থীর জন্য এলো গুরুত্বপূর্ণ খবর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), মেডিকেলসহ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো চাইলে নির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।

একই সঙ্গে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই প্রকাশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেন আদালত। এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় ওই রুলে।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা এর আগে জানিয়েছিলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনর্মূল্যায়নের জন্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। আগামী ২৩ ডিসেম্বর এসব আবেদনের ফল প্রকাশের কথা রয়েছে।

পুনর্মূল্যায়নের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়েই হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিলেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে।

আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বাধা আর থাকছে না। ফলে বিশ্ববিদ্যালয়গুলো তাদের পূর্বনির্ধারিত ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে পারবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD