সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা দিচ্ছে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নেপালে বন্যার পরবর্তী পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ২৪ হাজার কোটি নেপালি রুপির বড় সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার কোটি রুপি। সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সহায়তার ঘোষণা দেন।

বালেন্দ্র শাহের প্রথম ভারত সফরকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। বৈঠকের পর ভারত ও নেপালের মধ্যে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। নিরাপত্তা, পুলিশ প্রশিক্ষণ, মহাকাশ প্রযুক্তি, স্বাস্থ্য, আয়ুর্বেদ, প্রশাসনিক দক্ষতা বাড়ানো, নগর উন্নয়ন এবং পশুপালন ও মৎস্য খাতে সহযোগিতা জোরদার করাই এসব সমঝোতার মূল লক্ষ্য।

বৈঠকের পর নরেন্দ্র মোদি বলেন, নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্ক নিয়ে বালেন্দ্র শাহের স্পষ্ট দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার তাঁকে আশাবাদী করেছে। তার মতে, শাহের নেতৃত্বে নেপালের নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

অন্যদিকে, ভারতকে নির্ভরযোগ্য প্রতিবেশী হিসেবে অভিহিত করে দুই দেশের বন্ধুত্বকে হিমালয়ের মতো অটল এবং সহযোগিতাকে নদীর মতো অবিরাম রাখার আহ্বান জানান বালেন্দ্র শাহ। পাশাপাশি তিনি মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান। এ ছাড়া বৈঠকে অযোধ্যা-জনকপুর রেলসেবা চালু, জলবিদ্যুৎ প্রকল্প এবং সীমান্ত যোগাযোগ অবকাঠামো উন্নয়নেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD