বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

ইউপি নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এবার নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জানা গেছে, ইউপি নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোর তালিকা যাচাই করতে তালিকায় কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না, সীমানাসংক্রান্ত বিরোধ বা আইনি জটিলতা রয়েছে কি না, তা যাচাই করে তথ্যের সঠিকতা নিশ্চিত করতে বলা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত চিঠি দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।

তবে তালিকায় নির্বাচন উপযোগী সব ইউনিয়নের নাম যথাযথভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না এবং আইনি জটিলতা বা সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে হালনাগাদ তথ্য রয়েছে কি না, তা পুনরায় যাচাই করতে হবে।

নির্বাচন কমিশনের চিঠিতে আরো বলা হয়েছে, তালিকা যাচাইয়ের পর ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাস কিংবা অন্য কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে আগামী ৮ নভেম্বরের মধ্যে তা নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে।

জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রথম দফার ভোটের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। পাঁচ ধাপে স্থানীয় সরকারের এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।

এদিকে ইউপি নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবার মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী কেন্দ্র ৪২৫টি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।

আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD