স্পোর্টস রিপোর্টার : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলবে বাংলাদেশ ইমার্জিং দল।
গতকাল এক সংবাদ বিবৃতির মাধ্যমে ২২ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যেখানে প্রাধান্য দেয়া হয়েছে সদ্য সমাপ্ত বাংলাদেশ গেমস ক্রিকেটে ভালো করা খেলোয়াড়দের। সালমা-জাহানারা-রুমানারা সবাই আছেন। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে যোগ করা হয়েছে গুটিকয়েক উঠতি ক্রিকেটার। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে ভালো করার পুরস্কার পেয়েছেন তৃষ্ণা, দিশা, রাবেয়া, ঝিলিকের মতো নবীনরা। আগামী ২৮ মার্চ বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে ১ এপ্রিল থেকে অনুশীলন করতে পারবে তারা।
পরে ওয়ানডে সিরিজের খেলা শুরু হবে ৪ এপ্রিল থেকে। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। সবগুলো ম্যাচই খেলা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।