মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ঈদে দেখা যাবে শাকিব খানের ২২ সিনেমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

উৎসব মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের নতুন সিনেমা মুক্তি

। হলে দর্শকদের উপচে পড়া ভিড়। করোনার প্রাদুর্ভাবে এবারের ঈদ উৎসবে তেমনটা আর হচ্ছে না। গেল ঈদের মতোই এবারও বন্ধ থাকবে দেশের সব প্রেক্ষাগৃহ। তবে শাকিব ভক্তদের জন্য সুখবর হলো বড় পর্দায় শাকিব খান অনুপস্থিত থাকলেও ২২টি সিনেমা নিয়ে নাগরিক টেলিভিশনের পর্দায় হাজির হবেন তিনি।

ঈদের দিন থেকে সপ্তম দিন সকাল ৯টা, দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা এবং রাত ১২টা ২৫ মিনিটে শাকিব খান অভিনীত সিনেমাগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। এমনটাই জানা গেছে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ সূত্রে।

জানতে চাইলে টেলিভিশনটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘নাগরিক টেলিভিশন সবসময় দর্শক চাহিদার দিকে বিশেষ লক্ষ্য রেখে অনুষ্ঠান সাজায়। বিশেষ দিবসেও আমরা দর্শকদের চাহিদা পূরণের চেষ্টা করি।

এবারের ঈদে শাকিব খানের একাধিক সিনেমা প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার মধ্যে জনপ্রিয় এবং সুপারহিট সিনেমাও থাকছে। আশা করি, আমাদের এ আয়োজন দর্শকদের কাছে উপভোগ্য হবে।’

প্রচারের তালিকায় আছে শাকিব-শাবনূর জুটির ‘স্বপ্নের বাসর’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, শাকিব-পূর্ণিমা অভিনীত ‘মা আমার স্বর্গ’, শাকিব-মিম জুটির ‘আমার প্রাণের প্রিয়া’ এবং শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘স্বামীর সংসার’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘জমজ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘সন্তান আমার অহংকার’, ‘তুমি আমার মনের মানুষ’, ‘বলবো কথা বাসর ঘরে’, ‘রাজা বাবু’, ‘লাভ ম্যারেজ’, শাকিব-সাহার অভিনীত ‘খোদার পরে মা’, শাকিব-স্বস্তিকা জুটির ‘সবার উপরে তুমি’, এবং শাকিব খান ও জয়া আহসানের আলোচিত সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-১’।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD