জার্মানিতে প্রতি বছর ৩ অক্টোবর সব অমুসলিম দর্শনার্থীদের জন্য মসজিদ উম্মুক্ত থাকে। দীর্ঘ ২৫ বছর ধরে উম্মুক্ত মসজিদ দিবস পালন করে আসছে দেশটি। রবিবার (৩ অক্টোবর) জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার এ দিনে মসজিদে আগত সব অতিথি ও দর্শনার্থীদের শুভেচ্ছা জানান।
এক বিবৃতিতে স্টেইনমায়ার আশা প্রকাশ করে বলেন, ‘জার্মানিতে বসবাসরত মুসলিমদের ব্যাপক অবদান রয়েছে। যা সবার কাছে প্রশংসার যোগ্য। মসজিদে উপাসনার পাশপাশি আগত সবাই বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে। বিশেষত স্বেচ্ছাসেবী কাজে তাদের অংশগ্রহণ বেশি। ধর্মীয় অনুপ্রেরণায় তারা সব সম্প্রদায়ের জন্য কাজ করে থাকেন।’
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পালিত হওয়া উম্মুক্ত মসজিদ দিবসে এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘মসজিদের অতীত ও বর্তমান’। জার্মানির মুসলিম কাউন্সিলের তথ্য মতে,দেশটির হাজারের বেশি সংগঠন দিবসটি পালনে অংশগ্রহণ করে।
মসজিদের ইভেন্টে অংশগ্রহণকরে অমুসলিম দর্শনার্থীরা ইসলাম সম্পর্কে জানতে পারেন। তারা মসজিদের ভেতর মুসলিমদের সঙ্গে পাশাপাশি সময় কাটাতে পারেন। এছাড়াও জার্মান মুসলিমদের অবদান তাদের কাছে তুলে ধরা হয়। মসজিদের নানান সুযোগ-সুবিধা, অজুর পদ্ধতি ও নামাজের আদায়ের পদ্ধতি সম্পর্কে তারা জানতে পারেন। এ সময় সেমিনারের আয়োজনের মাধ্যমে ইসলাম সম্পর্কে তাদের উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়া হয়।
জার্মানির সেন্ট্রাল মুসলিম কাউন্সিলের প্রধান আয়মান মাজিক জানান, উম্মুক্ত মসজিদ দিবসে অংশগ্রহণকারী বিভিন্ন সম্প্রদায় ও দর্শনার্থীদের সংখ্যা অতীতের বছরের তুলনায় বর্তমানে অনেক হ্রাস পেয়েছে। এর কারণ শুধুমাত্র করোনা মহামারি নয়, বরং বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে অনেকের মধ্যে নিরাপত্তাজনিত ভীতির সঞ্চার শুরু হয়েছে।
জানা যায়, ১৯৯৭ সালে জার্মানির সেন্ট্রাল মুসলিম কাউন্সিলের বিশেষ উদ্যোগে উম্মুক্ত মসজিদ দিবস চালু হয়। জার্মানির জাতীয় ঐক্য দিবসের সঙ্গে মিল রেখে সংহতি ও পরস্পর নির্ভরতার নিদর্শন হিসেবে ৩ অক্টোবর ‘উম্মুক্ত মসজিদ দিবস’ পালিত হয়ে আসছে।
সরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, জার্মানিতে ৫.৫ মিলিয়ন মুসলিম বসবাস করেন। এদের অধিকাংশ নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যে বসবাস করেন।
সূত্র : আলজাজিরা