লাইট নিউজ রিপোর্ট : দেশের প্রথম আন্তর্জাতিক মানের ৫৫ কিলোমিটারের ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মহাসড়কটি অর্থনৈতিক মুক্তিসহ সামগ্রিক জীবনধারা পাল্টে দিয়েছে।
১১ হাজার ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়েটি নির্মাণের মেয়াদ শেষের কয়েক মাস আগেই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর উদ্বোধনের পরই দক্ষিণাঞ্চলের ২২ জেলার কোটি মানুষের মুক্তির দ্বার খুলে গেছে। সরাসরি উপকৃত হচ্ছেন তারা।
জানা যায়, ২০১৬ সালে একনেকে অনুমোদন পায় এটি। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পান বাংলাদেশ সেনাবাহিনী এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর। দ্রুতগতির এই এক্সপ্রেসওয়েটিতে রয়েছে দুটি সার্ভিস লেন, ৫টি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস, ২টি ইন্টারচেন্জ, ৪টি রেলওয়ে ওভারব্রিজ, ৪টি বড় সেতু, ২৫টি ছোট সেতু ও ৫৪টি কালভার্ট।
আগামী ২০ বছর পর্যন্ত যানবাহন চলাচল বৃদ্ধির বিষয়টি মাথায় রেখেই ৬ লেনের দৃষ্টিনন্দন এই মহাসড়কটি তৈরি করা হয়েছে। এই মহাসড়কটি এশিয়ান হাইওয়ের অংশ হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ঢাকা ও কলকাতাকে যুক্ত করবে।
ভাঙ্গা গোল চত্বরের স্থানীয়রা বলেন, ‘কয়েক বছর আগেও আমাদের এই অঞ্চল ভৌগোলিক কারণে অবহেলিত ছিল। কিন্তু স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় এই অঞ্চলের গুরুত্ব বেড়ে গেছে। সেতুর দুই পাশের এই সংযোগ মহাসড়কটি আজ আমাদের সামগ্রিক জীবনধারার মান পাল্টে দিয়েছে। আজ আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। পদ্মা সেতুটি চালু হলে আমরা আরও উপকৃত হব।’
লাইটনিউজ