বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

এতিমদের চাল বিক্রি করতে গিয়ে ধরা মাদরাসা সুপার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

এতিমদের জন্য বরাদ্দকৃত জিআর-এর চাল বাজারে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন নড়াইলের লোহাগড়া পৌর এলাকার রামপুর দরগা শরীফ এতিমখানা ও মাদরাসার সুপার শরীফ আরিফুজ্জামান হিলালী। আজ সোমবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর এলাকার রামপুর দরগা শরীফ এতিমখানার শিশুদের জন্য নড়াইলের জেলা প্রশাসক গত ৩০ জুন জিআর-এর ৫০০ কেজি চাল বরাদ্দ দেন। চাল থেকে ২৭০ কেজি (৯ বস্তা) লোহাগড়া বাজারে বিক্রি করতে যান তিনি। বাজারের টহলরত পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি চাল মাদরাসার বলে স্বীকার করেন। বিষয়টি পুলিশ উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি মাদরাসা সুপারকে আটকের নির্দেশ দেন। এ সময় দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন ভ্রাম্যমাণ আদালতে মাদরাসা সুপারের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং উদ্ধারকৃত চাল রামপুর দরগা শরীফ এতিমখানা ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্যদের অনুরাধে এতিমদের ফেরত দেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদরাসা সুপারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার হওয়া চাল এতিমদের জন্য ফেরত দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD