ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে শেরপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন নজরুল ইসলাম এ তথ্য জানান।
ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপারে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন–সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। এছাড়া র্যাব কর্তৃক সন্দেহভাজন মো. আব্দুল হান্নান নামক আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কতিপয় দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ইতিমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন–ফয়সল করিম মাসুদ ও মো. আলমগীর শেখ।
ঘটনার তদন্তে জানা যায়, সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিকটিম ওসমান হাদিকে খুব কাছে থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। সন্দেভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার হতে না পারে সেজন্য তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে সহযোগিতায় তথ্য প্রদানকারীর জন্য সরকার ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে।