অল্প কদিন আগেও তিনি বলেছেন, ‘আমি ক্রিকেটার-নির্বাচক দুটাই।’ কিন্তু এক মানুষ হয়ে দুইটি পদে থাকা কঠিন-ই নয় অসম্ভব। সেজন্য নতুন পরিচয়কেই বেছে নিলেন রাজ্জাক। তার ক্রিকেটার পদের আগে সাবেক শব্দটি যুক্ত হয়েই গেল। ২২ গজে তাকে আর দেখা যাবে না। ভবিষ্যত ‘রাজ্জাককে’ খুঁজে বের করাই তার নতুন দায়িত্ব।
ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন রাজ্জাক। সোমবার মিরপুর শের-ই বাংলায় এক অনুষ্ঠানে ‘কিছু বলতে পারব না বলে’ ক্রিকেটকে বিদায়ের ঘোষণা শুরু করেন। ধাপে ধাপে তাকে পাওয়া যায় সম্পূর্ণ অচেনা রূপে।
মঞ্চে মাইক্রোফোনের সামনে যখন বিদায় বলছিলেন তখন তার চোখ ছলছল করছিল। ২২ গজে বহু ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে আউট করেছেন। কিন্তু বিদায় মুহূ্র্তে আবেগাপ্লুত রাজ্জাক কাউকে ফাঁকি দিতে পারেননি। তার অশ্রুসিক্ত চোখ, বিমর্ষ মুখ ও অলস শরীরি ভাষা বুঝিয়ে দিচ্ছিল, ওই মঞ্চে কখনোই উঠতে চাইছিলেন না তিনি! কিন্তু নিষ্ঠুর সময় তাকে দেখাল সব। সকল আনুষ্ঠানিকতা শেষে যখন মঞ্চ ছাড়ছিলেন তখন চোখের কোনের জল মুছে দুঃখ ভুলেছেন।
এর আগে ভারী কন্ঠে, বিদায়ের আবহে রাজ্জাক বলেন, ‘আমি এই মুহূর্তে কিছু বলতে পারব না। কিছু বলার অবস্থায় নেই।’ থামেন রাজ্জাক…আবার বলে উঠেন, ‘প্রত্যেকটা জিনিসের শেষ আছে। শেষ করতে হবে এবং অবশ্যই দেখা যাবে আমাদের জায়গাতেও অন্য কেউ আসবে। তাদেরকেও জায়গা করে দিতে হবে।’
যাদের জন্য তিনি রাজ্জাক হয়েছেন তাদের ধন্যবাদ জানাতে ভুল করেননি, ‘আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই ফাহিম স্যার ও ইমরান স্যারকে। আমি যখন বিকেএসপির ছাত্র ছিলাম, উনাদের অবদান ছাড়া আমার পক্ষে সম্ভব হত না এখানে আসা। অবশ্যই ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে হয়। আমি যখন বিকেএসপি ছেড়ে বোর্ডের অধীনে এসেছি, আমি খুবই ভাগ্যবান যে একটা প্রক্রিয়ার মধ্যে এসেছি। তারপর আস্তে আস্তে খেলা। এইতো…আমি আসলে খুব বেশি কিছু বলার মত অবস্থায় নেই। আপনারা জানেন এটা অনেক কঠিন একটা সিদ্ধান্ত ছিল আমার জন্য।’
রাজ্জাকের বিদায় মঞ্চ ভাগাভাগি করেন আরেক তারকা শাহারিয়ার নাফিসও। দেশের দুই ধ্রুবতারাকে বিসিবি ও কোয়াব ঘটা করে বিদায় দিয়েছে যা দেশের ক্রিকেটের অন্যতম ঘটনা। তাদের হাতে স্মারক তুলে দেওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘একটা সময় সবাইকে বিদায় নিতে হবে। এটা চাকরি বলেন, যে কোনো প্রতিষ্ঠানেই হোক একটা সময় নিতেই হয়। তারা ভাগ্যবান। ক্রিকেট খেলা ছেড়ে ক্রিকেটের সঙ্গেই সম্পৃক্ত হয়েছে। একজন নির্বাচক হিসেবে আরেকজন ম্যানেজম্যান্টে। আমরাও খুবই ভাগ্যবান। আমরাও ওদেরকে পেয়েছি।’
লাইটনিউজ