করোনাভাইরাসের প্রকপে দিশেহারা মানুষ। অনেক বেসরকারি হাসপাতাল কতৃপক্ষ এই সুযোগটাকে কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে বড় অংকের টাকা। করোনার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা বিল ধরাচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। ফেসবুক পোস্টে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে সরব হলেন কলকাতার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
করোনার চিকিৎসার নামে বেসরকারি হাসপাতালগুলো ‘ডাকাতি’ করছে বলে কটাক্ষ করেছেন ঋতাভরী। ফেসবুকে বেশকিছু দাবি তুলে সরব হয়েছেন তিনি। কভিডের চিকিৎসা নিয়ে জনমত গড়ে তোলার কথাও বলেছেন অভিনেত্রী।
ঋতাভরী লিখেছেন, ‘কভিড চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালগুলো লক্ষ লক্ষ টাকার প্যাকেজ রাখছে। রীতিমতো ডাকাতি বলা যায়। অথচ, সরকারি ব্যবস্থাপনায় একই চিকিৎসার খরচ অনেক কম। কিন্তু, সাধারণ মানুষ হয়রান হচ্ছে সরকারি হাসপাতালের রেফারের গোলকধাঁধায়।’
ঋতাভরী বেশকিছু দাবি তুলেছেন। দাবিগুলো হলো
১. সমস্ত হাসপাতালের কভিড চিকিৎসা সরকারি এক্তিয়ারে নিয়ে আসা হোক।
২.কোভিড হাসপাতালগুলি ইন্টারলিংক রাখুক যাতে কোন হাসপাতালে ক’টা বেড পাওয়া যাচ্ছে, প্রত্যেকের কাছে খবর থাকে।
৩. কোনো রোগীকেই ফেরানো যাবেনা। প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য ও চিকিৎসার দায় কিন্তু সরকারের। এটা আমরা এবং সরকার উভয়েই ভুলতে বসেছি।
৪. রোগী পিছু ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর অনুপাত(রেশিও) আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমাদের আরো অনেক ডাক্তার ও স্বাস্থ্যকর্মী দরকার। সেদিকে লক্ষ্য রেখে সরকারি উদ্যোগে আরো মেডিকেল কলেজ ও নার্সিং ট্রেনিং কলেজ গড়ার পরিকল্পনা চাই।
ঋতাভরীর এই ফেসবুক পোস্টের নিচে কমেন্টে, অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন।