সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

কাপড় কেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুইজন নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

চুয়াডাঙ্গায় কাপড় কেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর হুচুকপাড়া রোডের প্লাস পয়েন্ট নামে একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের আলমসাধু চালক সজল (২৭) ও একই গ্রামের এনজিও কর্মী মামুনুর রশিদ (২৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ভালাইপুরের মণ্ডল মার্কেটের আশরাফুল গার্মেন্টসে ভালাইপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী ছামিনা খাতুন কাপড় কিনতে আসেন। কাপড়ের মূল্য নির্ধারণ করা নিয়ে কর্মচারী রিমনের সঙ্গে ওই নারীর কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়। এরই জের ধরে রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর ছেলের বন্ধু সজল ও মামুনুর রশিদসহ কয়েকজন ভালাইপুর বাজার থেকে কর্মচারী রিমনকে তুলে আনতে যায়। এ সময় খবর পেয়ে রিমনের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে সজণ ও মামুনুর রশিদকে ছুরিকাঘাত করা হয়। তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর দুজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন বলেন, সদর উপজেলার ভালাইপুর এলাকায় একটি দোকানে কাপড় কেনা দিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্য দ্বন্দ্ব হয়। একপর্যায়ে আলমডাঙ্গা থেকে লোকজন এসে দুইজনকে ছুরিকাঘাত করে। পরে দুজনই সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুর রহমান বলেন, দুইজনকে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD