শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

কাফরুলে নারীকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় সৎ ছেলেসহ গ্রেপ্তার ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

রাজধানীর কাফরুল এলাকায় সীমা আক্তার (৩৩) নামের এক নারীকে হত্যা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে নিহতের সৎ ছেলেসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (৩০ নভেম্বর) তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশ।

গতকাল রবিবার (২৯ নভেম্বর) দুপুরে কাফরুলের বাইশটেক ইমাম নগরের একটি বাসা থেকে সীমার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি সেলিমুজ্জামান গতকাল জানিয়েছিলেন, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করা হতে পারে। পরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তাঁর সৎ ছেলে এই ঘটনায় জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

পরিবার সূত্র জানায়, এক বছর আগে সীমাকে বিয়ে করেন শাহজাহান সিকদার। তিনি পেশায় কার্টন ব্যবসায়ী। রাজধানীর পল্লবীর ফ্ল্যাটে শাহজাহান-সীমার সঙ্গে শাহজাহানের আগের ঘরের সন্তান ও তাঁর (সন্তান) স্ত্রী থাকেন। প্রতিদিনের মতো শাহজাহান কর্মস্থলে চলে যান। ছেলে ও স্ত্রী বাসায় ছিলেন। তদন্তের স্বার্থে ছেলে ও তাঁর স্ত্রীর নাম জানাতে অপারগতা প্রকাশ করে পুলিশ।

পুলিশের সন্দেহ, শাহজাহানের অনেক স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। শাজাহানের আগের ঘরের সন্তান মূলত এ কারণেই সীমাকে মেনে নিতে পারছিলেন না। তদন্তের পরই হত্যার কারণ বেরিয়ে আসবে বলে পুলিশ জানিয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD