ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় ১৯ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল।
কারাগার থেকে বেরিয়ে পরিবারকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হৃদয় মণ্ডল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রের কাছে আমার চাওয়া নিরাপত্তা। এছাড়া আমার মত আর যাতে কেউ এমন পরিস্থিতির স্বীকার না হয়।
রোববার (১০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা জজ মোতাহারাত আক্তার ভূইয়া জামিন মঞ্জুরের পর বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান হৃদয় চন্দ্র মণ্ডল।
কি কারণে এমন ঘটনা ঘটল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হৃদয় মণ্ডল বলেন, প্রাইভেট পড়ানো নিয়ে স্কুলে রেষারেষি আছে। তবে আমি সঠিকভাবে বলতে পারছি না আসলে কি কারণে এমন হলো।
জেলে নেওয়ার কী কারণ থাকতে পারে জানতে চাইলে হৃদয় মণ্ডল বলেন, রাষ্ট্র হয়তো আমার নিরাপত্তার কথা ভেবেই কারাগারে রেখেছে। এ সময় রাষ্ট্রের কাছে পরিবারের নিরাপত্তা চান এই শিক্ষক।
হৃদয় মণ্ডলের স্ত্রী ববিতা হালদার বলেন, ১৯টি দিন মনে হয়েছে বছরের সমান। দিনগুলো অনেক কষ্ট ও আতঙ্কে কেটেছে। ছেলেমেয়ে নিয়ে প্রতিটা মুহূর্ত আতঙ্কে আর নিরাপত্তাহীনতার মধ্যে কাটিয়েছি। জামিনের পর তিনি যেন আবার স্কুলে ফিরতে পারে, কোনও সমস্যা যাতে না হয়, সেই আশা করি।
প্রসঙ্গত, গত ২০ মার্চ পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন হৃদয় মণ্ডল। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে প্রাসঙ্গিকভাবে ইসলাম ধর্ম বিষয়েও কথা বলেন। কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোনের ক্যামেরায় তার বক্তব্য রেকর্ড করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে অসন্তোষের জেরে স্কুল ছুটির পর ওই শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন দেয় শিক্ষার্থীরা।
এর পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ হৃদয় চন্দ্র মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দেয়।